পুরভোটে বিজেপির টিকিট পাবেন কারা? আজ ভরে গেছে বিজেপির অফিসে রাখা একের পর এক ড্রপবক্স। প্রার্থী হতে চেয়ে আবেদনপত্র ফেলেছেন বহু মানুষ। আজই ছিল আবেদনপত্র জমা দেওযার শেষ দিন। শেষ মুহূর্ত পর্যন্ত ড্রপ বক্সের সামনে ছিল আবেদন জমা দেওয়ার ভিড়। এখন প্রশ্ন হল, এই সুযোগে কি তৃণমূলের লোকজনও বিজেপির প্রার্থীতালিকায় ঢুকে পড়তে পারেন? বা তাঁদের কি বিজেপিতে আসার সুযোগ করে দেওয়া হতে পারে? সিপিএমের নেতা সুজন চক্রবর্তী বলেছেন – “এটা তো সবাই জানে যে তৃণমূলের যারা পাড়ায় তোলাবাজি করত, তাঁরা এখন বিজেপি। যারা তৃণমূল, তাঁরা বিজেপির প্রার্থী হবে বলে ঘনিষ্ঠ মহলে প্রচার করছে, সবাই জানে।” সরাসরি এনিয়ে কোনও মন্তব্য় না করে, রাজ্য় বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য বলেছেন – “কেউ যদি ছাপ মারে ড্রপবক্সে, তারপরে তো দেখতে হবে তার হাত-পা ঠিক আছে কি না। শরীর ঠিক আছে কি না। মাথায় বড় চোট আছে কি না। ঝাঁপিয়ে পড়ে মস্তিস্কের সমস্যা হয়ে গেল… তার পরে তো এসব প্রশ্ন আসবে।”