কলকাতা: একদিকে যেমন কেরিয়ার, অন্যদিকে পরিবার.. সবই সামলাচ্ছেন ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta)। শুধু কলকাতায় নয়, হামেশাই সংসার সামলাতে বিদেশেও পাড়ি দিতে হয় অভিনেত্রীকে। স্বামী সঞ্জয় চক্রবর্তী কাজের সূত্রে বিদেশে থাকেন। ছেলে এবং মেয়েও থাকেন সেখানেই, কখনও কখনও আসে কলকাতাতেও। তবে তার মধ্যেই, দক্ষিণ কলকাতার বাড়িতে লক্ষ্মীপুজোর আয়োজন করেছিলেন ঋতুপর্ণা। জানালেন, কোজাগরী লক্ষ্মীপুজোর দিনেই জন্ম হয়েছিল, তাঁর স্বামী সঞ্জয়ের। আর সেই কারণেই, ঋতুপর্ণার শ্বশুরবাড়িতে লক্ষ্মীপুজো হয় চিরকালই। বিশেষ এই দিনে অভিনেত্রী যেমন উত্তম কুমারের বাড়িতে নিমন্ত্রণ রক্ষা করলেন, তেমনই নিজের বাড়ির লক্ষ্মীপুজোতেও পাঁচালি পড়লেন। 

বাড়িতেই লক্ষ্মীপুজোর আয়োজন ঋতুপর্ণা সেনগুপ্তের

বাড়ির লক্ষ্মীপুজো নিয়ে ঋতুপর্ণা সেনগুপ্ত বলছেন, ‘ লক্ষ্মীপুজোর সারাটা দিন বেশ ব্যস্ততার মধ্যেই কেটেছে। অনেকগুলো জায়গায় যাওয়ার ছিল। বাড়ি পুজোটাও সন্ধ্যায় রেখেছিলাম। আমাদের বাড়িতে খুব ছোট করেই পুজো করা হয়। আমার অনেক বন্ধুদের বাড়িতে বেশ বড় করেই পুজো হয়। আমার শ্বশুরবাড়ির লক্ষ্মীপুজোটা আমাদের কাছে খুব বিশেষ কার, কোজাগরী লক্ষ্মীপুজোর দিনই আমার স্বামীর জন্মদিন। সেই কারণে সেটার মধ্যে একটা আবেগ রয়েছে। মা-কে দেখেছি খুব বড় করে লক্ষ্মীপুজো করতে, নিজের হাতে সিন্নি করতেন। ঠাকুমার লক্ষ্মীপুজো করতেন। ফলে আমি এই কোজাগরী লক্ষ্মীপুজোটা খুব ছোটবেলা থেকেই দেখে এসেছি। আমি যতটুকু পারি, লক্ষ্মীর পাঁচালিটা পড়ি প্রত্যেক বছরই। মা বলতেন, ‘লক্ষ্মীর পাঁচালিটা পড়বি।’ আমার মায়ের মুখস্থ ছিল এই পাঁচালিটা।’ লুচি, সুজি, ফল মিষ্টি থেকে শুরু করে, নাড়ু, মোয়ায় যত্ন করে লক্ষ্মীদেবীর আরাধনা করলেন ঋতুপর্ণা সেনগুপ্ত।

এদিন উত্তমকুমারের বাড়ির লক্ষ্মীপুজোতেও আসেন ঋতুপর্ণা সেনগুপ্ত। এদিন উত্তমকুমারের বাড়ি গিয়েছিলেন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)-ও। ঋতুপর্ণা জানিয়েছিলেন, তিনি বিশেষ আমন্ত্রণ পেয়েই উত্তমকুমারের বাড়িতে এসেছেন। এই বাড়ির লক্ষ্মীপুজোর একটা বিশেষ ঐতিহ্য রয়েছে। মহানায়কের ছোঁয়া লাগা এই বাড়িতে এখনও সেই এক রীতি মেনেই পুজো করে আসছেন তাঁর উত্তরসূরীরা। যেভাবে লক্ষ্মীপুজো করতেন খোদ উত্তমকুমার, ঠিক সেভাবেই এখন লক্ষ্মীপুজো করেন তাঁর পরিবারের উত্তরসূরীরা। প্রত্যেক বছরই এই বাড়িতে তারকা সমাগম হয়, এই বছরও তার অন্যথা হল না। সমস্ত আমন্ত্রণ-রক্ষা করেও, নিজের বাড়ির লক্ষ্মীপুজো সামলালেন ঋতুপর্ণা।

 

আরও পড়ুন: Bollywood Actress: বলিউড ছেড়েছেন, মা হয়েছেন কন্যাসন্তানের.. সংসার নিয়ে কেমন আছেন আমির খানের নায়িকা?



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *