দিল্লির নর্থ ব্লকে আগুন? কালো ধোঁয়ায় ঢেকেছে এলাকা। সকালে দূর থেকে কালো ধোঁয়া বেরোতে দেখা যায় নর্থ ব্লকের কাছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় । দমকলের ৬টি ইঞ্জিন। হতাহতের কোনও খবর নেই। এই নর্থ ব্লকেই রয়েছে ভারত সরকারের একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রকের অফিস। এখানেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের অফিস। এই নর্থ ব্লকেই অর্থ মন্ত্রকের কার্য্যালয়।
দমকল বিভাগ একটি বিবৃতিতে জানিয়েছে, নর্থ ব্লকের ছাদে বসানো একটি এসি বয়লারে আগুন লাগে। সেখানে ঝালাইয়ের কাজ চলছিল। সেই সময় শর্ট সার্কিটের (Short Circuit) ফলে বয়লারগুলির একটিতে আগুন ধরে যায় । ঘটনার খবর পাওয়ার পরই দমকলের কর্মীরা দ্রুত সেখানে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন। ছয়টি দমকলের গাড়ি ঘটনাস্থলে পাঠানো হয়েছিল। দ্রুত পদক্ষেপের ফলে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে জানিয়েছে দমকল বিভাগ।
এদিন সাংসদ মিলিন্দ দেওরা (Milind Deora) সংসদে যাওয়ার পথে নর্থ ব্লকের পিছন থেকে ঘন কালো ধোঁয়া উঠতে দেখেন। তখনই তিনি আশঙ্কাপ্রকাশ করে একটি এক্স পোস্ট করেন। তিনি লেখেন, সংসদে যাওয়ার পথে নর্থ ব্লকের পেছন থেকে পুরু ধোঁয়া উঠতে দেখলাম। মনে হচ্ছে আগুন লেগেছে। আশা করি সবাই সেখানে নিরাপদে আছেন।
শেষ পাওয়া খবর অনুসারে, বড় কোনও আগুন লাগার ঘটনা ঘটেনি নর্থ ব্লকে। ঘটনাটিকে সামান্য বলেই জানিয়েছে দমকল। দ্রুততার সঙ্গে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। পুলিশ সূত্রে খবর, ঐতিহ্যবাহী ওই সরকারি ভবনে কিছু মেরামতির কাজ চলছিল, যা থেকে আগুন লেগে থাকতে পারে। আগুন লাগল কীভাবে, কোনও ক্ষয়ক্ষতি হয়েছে কি , সে সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি এখনও ।
Noticed thick smoke rising from behind North Block while on my way to Parliament. It appears there may be a fire. Hope everyone is safe and emergency services are responding swiftly. https://t.co/mnUqpWfsWl
— Milind Deora | मिलिंद देवरा (@milinddeora) October 26, 2026
দিল্লির নর্থ ব্লকের ঘটনা বড় হওয়ার আগেই আটকানো সম্ভব হয়েছে। হাল আমলে দিল্লিতে একাধিক আগুন লাগার ঘটনা ঘটে। কোথাও রেস্তরাঁর রান্নাঘরে আগুন থেকে আতঙ্ক ছড়ায়। ১৪ অক্টোবর উত্তর-পূর্ব দিল্লির মৌজপুর এলাকায় ‘উধম ফিশ পয়েন্ট’ নামে একটি রেস্তরাঁর রান্নাঘরে আগুন লাগে। শিশু সহ বহুজনকে জানলা দিয়ে উদ্ধার করা হয়। গত ১৩ সেপ্টেম্বর উত্তর-পশ্চিম দিল্লির স্বরূপ নগর এলাকায় জুডোর পোশাক ও বক্সিং গ্লাভস তৈরির একটি কারখানার গুদামে আগুন লাগে। গুদামের ভিতরে রেক্সিনের বর্জ্য এবং তুলার তৈরি সামগ্রী মজুত ছিল। আগুন ও ধোঁয়া ছড়িয়ে পড়ায় আশপাশের বাড়ির বাসিন্দাদের মধ্যেও আতঙ্ক তৈরি হয়। এই ঘটনায় ছয়জন আহত হন।