উজ্জ্বল মুখোপাধ্যায়, কলকাতা : এবার দুর্গাপুজোয় আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল সিপিএমের বুকস্টল। কোথাও হামলা, কোথাও ভাঙচুর তো কোথাও অগ্নিসংযোগ। আবার কোথাও বই তুলে রাস্তায় ফেলে দেওয়া। কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে সিপিএমের বুকস্টলে হামলার অভিযোগ উঠেছিল। পুজোর শেষে সিপিএম দাবি করল গতবারের তুলনায় এবার তাদের বই বিক্রি বেড়েছে দ্বিগুণ। যাদবপুরে যে বুকস্টল ভাঙতে বুলডোজার পর্যন্ত পৌঁছে গিয়েছিল সেখানে গতবার ৬ লক্ষ টাকার বই বিক্রি এবার বেড়ে হয়েছে ১৬ লক্ষ টাকা। 

যাদবপুরে 8-B বাসস্ট্যান্ডে বামেদের বুকস্টল ভাঙতে পৌঁছে গেছিল বুলডোজার। দলীয় কর্মীদের মানববন্ধনের সামনে সেদিন বুকস্টল ভাঙতে না পারলেও, ভেঙে গেল সিপিএমের বুকস্টলে বই বিক্রির রেকর্ড। তাদের দাবি, শুধু ১২টি জেলাতেই এ বছর বই বিক্রির হার বে়ড়েছে ১০৪ শতাংশেরও বেশি। ২০২৫ সালে যেখানে ৪৮ লক্ষ ৪ হাজার টাকার বই বিক্রি হয়েছিল, সেখানে চলতি বছরে বই বিক্রি বাবদ অর্থের পরিমাণ বেড়ে দাঁড়াল ৯৮ লক্ষ ৭ হাজার টাকা। অর্থাৎ গতবারের তুলনায় এবার ৫০ লক্ষ টাকারও বেশি বই বিক্রি করেছে সিপিএম। তবে বই বিক্রির এই হিসেব এখনও চূড়ান্ত নয়। অর্থাৎ আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। 

চরম সিদ্ধান্ত নেননি অন্তঃসত্ত্বা, শেষ করেছে শ্বশুরবাড়ির লোকজনই, গুগলে স্বামী খুঁজেছিলেন… 

দুর্গাপুজোর সময় রাজ্য জুড়ে পুজো মণ্ডপের বাইরে সিপিএমের বুক স্টলের এই ছবি দীর্ঘদিন ধরেই দেখে আসছে রাজ্যবাসী। কিন্তু এ বছর পুজো আসতেই, কলকাতা থেকে শহরতলি হয়ে জেলা, উত্তর থেকে দক্ষিণ, গ্রাম থেকে শহর, একাধিক জায়গায় বামেদের বুকস্টলের ওপরে নেমে আসে অত্যাচার। কোথাও স্টলে ভাঙচুর, কোথাও স্টলে ঢুকে বই ফেলে দেওয়া, তো কোথাও বুকস্টলে আগুন লাগিয়ে দেওয়ার মতো ছবি সামনে আসে। অভিযোগের সরাসরি আঙুল ওঠে বিজেপির দিকে। এমনকী, চোরবাগান সর্বজনীনে যেদিন পদপিষ্ট হয়ে ১৯ জনের মৃত্যু হয়েছে, সেদিনও সেখান থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে, যাদবপুরের এইট-বি বাসস্ট্যান্ডে বুকস্টল নিয়ে সিপিএমের সঙ্গে তীব্র বাদানুবাদ হয় পুলিশের। 

কিন্তু দুর্গাপুজো শেষ হতে সিপিএমের তরফে যে পরিসংখ্যান দেওয়া হল তা চমকে দেওয়ার মতো। সিপিএমের দাবি, কলকাতায় এবছর ১১৯টি স্টল দিয়েছিল সিপিএম। গতবার এই স্টলগুলিতে ২৪ লক্ষ টাকার বই বিক্রি হয়েছিল। সেখানে এবার ৪৭ লক্ষ টাকার বই বিক্রি হয়েছে। এমনকী যাদবপুরের যে বুকস্টল ভাঙতে বুলডোজার পৌঁছে গেছিল, সেখানে গত বছর ৬ লক্ষ টাকার বই বিক্রি হলেও, এবার তা বেড়ে হয়েছে ১৬ লক্ষ টাকা। কলকাতা লাগোয়া দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন স্টলে গতবার ৮ লক্ষ টাকার বই বিক্রি করেছিল সিপিএম, তা এবার বেড়ে হয়েছে ১১ লক্ষ ৩৩ হাজার টাকা। 

পশ্চিম বর্ধমানে এ বছর বই বিক্রি বেড়ে দাঁড়িয়েছে ৪ লক্ষ টাকায়। পূর্ব বর্ধমানের স্টলগুলোতে ২০২৫ সালে ১ লক্ষ ৭৪ হাজার টাকার বই বিক্রি করেছিল সিপিএম। এবার বই বিক্রির অঙ্ক পৌঁছেছে ৩ লক্ষ টাকায়। হুগলিতে গত বছর ৭ লক্ষ ৭১ হাজার টাকার বই বিক্রি হয়েছিল। এবার বিক্রি হয়েছে ১৩ লক্ষ টাকার বই। পূর্ব মেদিনীপুরেও দ্বিগুণ হয়েছে সিপিএমের বই বিক্রি। আগের বার বিক্রি হয়েছিল ১ লক্ষ ৮ হাজার টাকার বই। এবার দ্বিগুণের থেকেও বেশি ২ লক্ষ ৩৬ হাজার টাকার বই বিক্রি হয়েছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও সিপিএমের বুক স্টল থেকে বই বিক্রি কার্যত দ্বিগুণ বেড়েছে। 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *