কলকাতা: ‘প্যান্ডেলের অবস্থা খুব খারাপ, আপনারা বেরিয়ে যান, এখানে দাঁড়াবেন না…প্যান্ডেল যখন তখন পড়ে যেতে পারে।’ এই ঘোষণার জেরে আতঙ্কের পরিবেশ তৈরি হয় চোরবাগানের পুজোয় , ভয়ে দর্শনার্থীরা হুড়োহুড়ি করে বেরনোর চেষ্টা করেন। আর এতেই ঘটে যায় ভয়ঙ্কর এই ঘটনা। যারা আনন্দ করতে গেছিলেন, শবদেহ হয়ে ফিরেছেন বাড়িতে। পদপৃষ্ঠের ঘটনায় মারা যান ১৯ জন মানুষ। আহত হন বহু। আর এই ঘটনার জেরে সামনে আসে বহু প্রশ্ন। যদিও বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচী বলছেন অন্য কথা।
ক্রাউড ম্যানেজমেন্টে বড়সড় গাফিলতি। মণ্ডপে ঢোকা ও বেরনোর ক্ষেত্রে অপরিসর জায়গা। পর্যাপ্ত পুলিশ কর্মী, ভলান্টিয়ার-এর অভাব। চোরবাগান সর্বজনীনের মণ্ডপে পদপিষ্ট হয়ে এতগুলো প্রাণ হারানোর ঘটনায়, উঠে এসেছে এমনই সব অভিযোগ। কিন্তু চোরবাগানের পুজোয় মৃত্য়ু নিয়ে বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচী ইঙ্গিতপূর্ণ মন্তব্য় করেছেন। ব্য়ারাকপুরের বিধায়ক বলেন, ”পুজোয় সাত্ত্বিকতা মেনে আমি বলব আগামী বছর থেকে পুজো হোক সম্পূর্ণ রূপে সনাতনীদের পুজো। এই থিমের চোখ রাঙানিতে বা এই থিমের দাপাদাপিতে এই ধরনের ঘটনা ঘটছে। মা দুর্গাকে নিয়ে, প্য়ান্ডেলকে নিয়ে এত পরীক্ষা করার চক্করে এত হইহুল্লোড়ের চক্করে এমন একটা পরিস্থিতি তৈরি হল যেখানে এতগুলো মানুষ পদপিষ্ট হয়ে মারা গেল।”
আরও পড়ুন – চোরবাগানকাণ্ডের তদন্তে গঠিত হয়েছে SIT, কিন্তু রাখা হয়নি এই সব বিভাগকে, কেন এই সিদ্ধান্ত ?
কৌস্তভ বাগচীর এই মন্তব্যকে কটাক্ষ করে পাল্টা মন্তব্য করেন মমতা তৃণমূল কংগ্রেসের বিধায়ক কুণাল ঘোষ। বেলেঘটার বিধায়ক বলেন, কৌস্তভ বাগচী কে বারণ করেছিল? ওই পুজোটা তো উদ্বোধন করেছেন আপনাদের মুখ্য়মন্ত্রী। ওই পুজো ৯১ বছর ধরে হয়ে আসছে, দুর্ঘটনা ঘটেনি। এবার আপনারা তার দায়িত্ব নিয়েছেন। আপনাদের নেতারা, আপনাদের নেতার ঘনিষ্ঠরা, আপনাদের জেলা সভাপতি ওই পুজোর দায়িত্ব। ওই পুজোটা তো (চোরবাগান সর্বজনীন) ৯১ বছরের পুজো। এতদিন তো হয়নি।”
চোরবাগান সর্বজনীন-এর ঘটনা নিয়ে শুরু হয়েছে তুমুল রাজনৈতিক তরজা। এরমধ্যে, ঘটনার তদন্তের জন্য গঠিত হয়েছে SIT. তবে, এই বিশেষ তদন্তকারী দলে রাখা হয়নি, কলকাতা পুলিশ, কলকাতা পুরসভা, দমকল বিভাগ ও CESC-কে। রাজ্য় সরকারের বক্তব্য়, তদন্তের নিরপেক্ষতার স্বার্থেই এই সিদ্ধান্ত। তদন্তে, ঘটনার দিনের CCTV ফুটেজ, মোবাইল ফোনের ভিডিও, নিহত ও আহতদের চিকিৎসা সংক্রান্ত নথিপত্র খতিয়ে দেখবে SIT.