সন্দীপ সরকার, কলকাতা: মহাষ্টমীর দিন শহরে পুজোকে আরও বর্ণময় করে তুলতে যে দুই তারকা হাজির থাকবেন, ১৫ অক্টোবর বিকেলেই সেটা লিখেছিল এবিপি লাইভ বাংলা। সেই খবরেই সিলমোহর পড়ল সোমবার। ম্যাডক্স স্কোয়্যার, বড়িশা প্লেয়ার্স কর্নারের মতো কয়েকটি পুজোয় একসঙ্গে ঘুরলেন রিয়েল ও রিল লাইফের দুই দাদা – সৌরভ গঙ্গোপাধ্যায় ও রাজকুমার রাও।

ভারতীয় ক্রিকেটের সর্বকালের অন্যতম সেরা বাঁহাতি ব্যাটার সৌরভ। অধিনায়ক হিসাবে ভারতীয় ক্রিকেটকে নিয়ে গিয়েছিলেন অভিনব উচ্চতায়। কিছুদিনের মধ্যেই পর্দায় দেখা যাবে সৌরভের জীবন। তাঁকে নিয়ে তৈরি হচ্ছে বায়োপিক। বলিউডের অন্যতম সফল ও জনপ্রিয় নায়ক রাজকুমার রাও পর্দায় দাদার ভূমিকায় অভিনয় করছেন। যিনি কাই পো চে, আলিগড়, ট্র্যাপড, গ্যাংস অফ ওয়াসেপুর, নিউটন, লুডো, স্ত্রীর মতো সিনেমায় কাজ করেছেন। সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকে তাঁকে নামভূমিকায় দেখা যাবে।

সোমবার সকালে শহরে এসেছেন রাজকুমার। তিনি ও সৌরভ বেশ কয়েকটি পুজোমণ্ডপ ঘুরে দেখেন। যার মধ্যে ছিল বড়িশা প্লেয়ার্স কর্নার, ম্যাডক্স স্কোয়্যার। সঙ্গী হয়েছিলেন সৌরভের স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায় ও প্রাক্তন ক্রিকেটার তথা সিএবি কোষাধ্যক্ষ সঞ্জয় দাস। যিনি সৌরভের বাল্যবন্ধু এবং বায়োপিক নির্মাণের নেপথ্যে মূল কারিগর।

কলকাতার দুর্গাপুজো দেখে উচ্ছ্বসিত রাজকুমার। তিনি ঢাকও বাজান মণ্ডপে। লাল পাঞ্জাবি পরে ঝলমল করছিলেন রাজকুমার। সৌরভও ঢাক বাজান। সৌরভ বলেন, ‘রাজকুমার কলকাতায় তিনদিন থাকবে। ও প্রথমবার দুর্গাপুজোয় এসেছে কলকাতায়। এত বড় উৎসব তো আর কোথাও দেখা যাবে না। ওর আরও একটা সিনেমা মুক্তি পেয়েছে।’

সৌরভ আরও বলেন, ‘আমি ম্যাডক্স স্কোয়্যারে আগেও এসেছি। দারুণ পুজো হয়, অনেকটা জায়গা নিয়ে। বাঙালির শ্রেষ্ঠ উৎসব এটা।’ ডোনা জানান, অষ্টমীর খাওয়াদাওয়ায় থাকছে ভোগ। বলেছেন, ‘আজ তো অষ্টমী। লুচি, আলুর তরকারি, আলুর দম, যা মায়ের ভোগ হয়েছিল সেই সবই খাওয়া হয়েছে।’

সৌরভের বায়োপিক তৈরি হচ্ছে। শ্যুটিং চলছে জোরকদমে। সব কিছু ঠিকঠাক চললে ২০২৭ সালেই সিনেমা মুক্তি পাওয়ার কথা। মহেন্দ্র সিংহ ধোনির বায়োপিক ‘ধোনি, দ্য আনটোল্ড স্টোরি’ প্রবল জনপ্রিয় হয়েছিল। সিনেমাটি বাণিজ্যিক সাফল্যও পেয়েছিল। তারপর থেকেই সৌরভের বায়োপিক নিয়ে আগ্রহ তৈরি হয়েছে। একদিকে যখন বায়োপিকের নির্মাণপর্ব চলছে, তখন প্রথমবারের জন্য প্রকাশ্যে দেখা গেল সৌরভ ও রাজকুমারকে।

আরও পড়ুন: বাংলার হয়ে খেলা ক্রিকেটার আগরকরের পরিবর্তে হলেন প্রধান নির্বাচক, কমিটিতে পওয়ার



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *