ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম: অস্ত্র নয়, মা দুর্গার দশ হাতে পদ্মফুল!
অভিনব এক পুজোর আয়োজন এবার বীরভূমে । বিশ্বশান্তির বার্তা সোনাঝুরি জঙ্গলে দুর্গাপুজোয় ।
মা দুর্গার দশ হাতে দশটি অস্ত্রের বদলে রয়েছে পদ্মফুল! শান্তিনিকেতনের সোনাঝুরি জঙ্গলে হীরালিনী দুর্গোৎসবে দেখা যায় দেবীর এমনই ব্যতিক্রমী রূপ । বিশ্বশান্তি ও সম্প্রীতির বার্তা দিতেই এই অভিনব ভাবনা ।
২০০১ সালে শিল্পী বাঁধন দাসের হাত ধরে এই পুজোর সূচনা হয় । ২০০২ সাল থেকে প্রতিমার হাতে অস্ত্রের পরিবর্তে পদ্মফুল রাখার সিদ্ধান্ত নেওয়া হয় । তাঁর মৃত্যুর পরও সেই ঐতিহ্য বজায় রেখেছেন তাঁর ছাত্র শিল্পী আশিস ঘোষ । এবার ২৬তম বর্ষে নতুন প্রতিমায় ফুটে উঠেছে সেই শান্তির বার্তা ।
এই দুর্গোৎসবের অন্যতম আকর্ষণ আদিবাসী সম্প্রদায়ের ঐতিহ্যবাহী বেলবরণ উৎসব । দুর্গাপুজোর পাশাপাশি দাসাই, কারাম-সহ নানা লোকনৃত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠানে মেতে ওঠেন আশপাশের গ্রামের মানুষ । জাঁকজমক নয়, শিল্প, প্রকৃতি ও মানুষের মিলনই হীরালিনী দুর্গোৎসবের আসল পরিচয় ।
সোনাঝুরি জঙ্গলের বুকে এই পুজো তাই শুধু দেবী আরাধনা নয়, বিশ্বশান্তি ও সম্প্রীতির এক অনন্য বার্তা ।
আরও পড়ুন: অষ্টমীর কলকাতায় চমক! সৌরভের সঙ্গে দুর্গাঠাকুর দেখতে বেরবেন বায়োপিকের ‘দাদা’ রাজকুমার
দুর্গার চোখ আঁকলেন মন্ত্রী
বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারি দুর্গাপুজোয় মা দুর্গার চোখে তুলির টান মন্ত্রী সুমনা সরকারের । হুগলির বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারি দুর্গাপুজোয় বিশেষ মুহূর্তের সাক্ষী থাকলেন পুজো উদ্যোক্তা ও দর্শনার্থীরা । রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী তথা বলাগড়ের বিধায়ক সুমনা সরকার মা দুর্গার চক্ষুদান উপলক্ষে প্রতিমার চোখে তুলির টান দিলেন ।
এবার ৭২ বছরে পদার্পণ করল ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজো । দীর্ঘদিনের ঐতিহ্য ও ধর্মীয় আবেগকে সঙ্গে নিয়ে এবারের পুজোর প্রস্তুতি চলছে জোরকদমে । মন্ত্রীর হাতে মা দুর্গার চক্ষুদানের এই বিশেষ মুহূর্ত পুজোকে ঘিরে বাড়তি আকর্ষণ তৈরি করেছে ।
চক্ষুদানের মধ্য দিয়ে প্রতিমা নির্মাণের অন্যতম গুরুত্বপূর্ণ পর্ব সম্পন্ন হয় । এই উপলক্ষে এলাকায় পুজোকে ঘিরে উৎসাহ ও উদ্দীপনা দেখা গিয়েছে ।
আরও পড়ুন: রোহিত-কোহলিদের বিশ্বকাপ ফাইনালে হারের পর উঠেছিল সমালোচনার ঝড়, এই প্রথম মুখ খুললেন শামি