কলকাতা : দুর্গাপুজোর আগেই আবহাওয়ার পরিবর্তনের বড় ইঙ্গিত দিচ্ছেন আবহাওয়াবিজ্ঞানীরা। সেই পরিবর্তনের শুরুটা হয়ে যাচ্ছে আজই, শনিবার, ৭ অক্টোবর। কলকাতা ও আশপাশের জেলাগুলিতে আবহাওয়ার ধীরে ধীরে পরিবর্তন হতে চলেছে। ৭ অক্টোবর থেকে ২১ অক্টোবর, অর্থাৎ দশমী পর্যন্ত , পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় দফায় দফায় হালকা বৃষ্টি হলেও ভারী বৃষ্টির প্রবণতা কমবে। তবে পুজোর কয়েকটি দিনে বিচ্ছিন্ন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনাও থাকছে।
বেসরকারি আবহাওয়া গবেষণা সংস্থা Weather Ultima-এর পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু এই সপ্তাহের শেষ থেকেই একটু একটু করে সরে যাবে। আগামী সপ্তাহের শুরুর মধ্যে, অর্থাৎ ৯ থেকে ১৩ অক্টোবরের মধ্যে পশ্চিমবঙ্গ থেকে বিদায় নিতে পারে বর্ষা। জানাচ্ছেন আবহবিদ রবীন্দ্র গোয়েঙ্কা ।
৭ অক্টোবর: বিক্ষিপ্ত বৃষ্টি, বজ্রপাতের সতর্কতা
বুধবার কলকাতা ও সংলগ্ন এলাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি প্রবল হতে পারে। দিনের মধ্যে কোথাও কোথাও স্বল্পস্থায়ী মাঝারি বৃষ্টি হতে পারে। এর সঙ্গে বজ্রপাতের সম্ভাবনাও থাকছে। তাই বাইরে বের হলে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
৮ থেকে ১০ অক্টোবর
বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলিতে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর শেষ দফার প্রভাব দেখা যেতে পারে। আকাশ মূলত মেঘলা থাকবে এবং বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টি ও দমকা হাওয়া হতে পারে। তবে শনিবার, অর্থাৎ মহালয়ার দিন, দিনের দ্বিতীয়ার্ধ থেকে আবহাওয়ার উন্নতি শুরু হতে পারে। তবে হালকা বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে হবে বজ্রপাতও। বাইরে বেরনোর সময় সতর্ক থাকা দরকার।
১১ থেকে ১৪ অক্টোবর
রবিবার থেকে বুধবারের প্রথমার্ধ পর্যন্ত কলকাতার আকাশ মূলত পরিষ্কার থাকবে । তবে কোনও কোনও জায়গায় আকাশ কিছুটা মেঘলা থাকতে পারে। সকালের দিকে তাপমাত্রা কিছুটা কমে ২২-২৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে নেমে আসার সম্ভাবনা রয়েছে। দিনে উষ্ণ আবহাওয়া থাকলেও সন্ধ্যার পর পরিবেশ তুলনামূলক আরামদায়ক হতে পারে। কোথাও কোথাও খুব অল্প সময়ের জন্য বিচ্ছিন্ন বৃষ্টি হতে পারে। মূলত জলাশয় সংলগ্ন কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ শুষ্ক বজ্রপাতের ঘটনাও ঘটতে পারে।
পুজোয় বৃষ্টির চোখরাঙানি?
১৪ অক্টোবর বুধবারের দ্বিতীয়ার্ধ থেকে ১৭ অক্টোবর শনিবার পর্যন্ত আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। দুপুরের পর থেকে সন্ধ্যা পর্যন্ত কিছু এলাকায় স্থানীয়ভাবে বজ্রসহ বৃষ্টি হতে পারে। এই সময়ে সর্বোচ্চ তাপমাত্রা কিছুটা কমে ৩০-৩২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা সামান্য বেড়ে ২৪-২৬ ডিগ্রি সেলসিয়াস হতে পারে। বৃষ্টির সঙ্গে হঠাৎ দমকা হাওয়া এবং বজ্রপাতের সম্ভাবনা থাকায় পুজোর ঠাকুর দেখা বা বাইরে বেরনোর সময় সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
ফের পরিষ্কার আকাশের সম্ভাবনা
১৮ থেকে ২১ অক্টোবরের মধ্যে ফের পরিষ্কার থেকে আংশিক মেঘলা শরতের আকাশ দেখা যেতে পারে। সকালে ঠান্ডা হাওয়া এবং দিনে মনোরম আবহাওয়া ফেরার সম্ভাবনা রয়েছে। তবে কয়েকটি এলাকায় স্থানীয়ভাবে অল্প সময়ের জন্য হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
পুজোয় কি ঘূর্ণিঝড়ের আশঙ্কা?
এই মুহূর্তে পশ্চিমবঙ্গ উপকূলে কোনও ঘূর্ণিঝড়ের আশঙ্কা নেই। বঙ্গোপসাগরে এমন কোনও নিম্নচাপ তৈরি হয়নি, যা থেকে পুজোয় দুর্যোগ হতে পারে। তবে আবহাওয়ার পূর্বাভাস দ্রুত পরিবর্তিত হতে পারে। তাই শুধুমাত্র কোনও একটি মডেলের পূর্বাভাস দেখে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিচ্ছেন আবহবিদ।