কলকাতা: ২ বছর কেটে গিয়েছে। এখনও সঠিক বিচার মেলেনি। নতুন করে এই ঘটনার ফাইল খুলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর এর মাঝে ভয়ঙ্কর দাবি করছেন সেই সময়ে বিচারের দাবিতে পথে নামা চিকিৎসকেরা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে একটি চিঠি লিখল পশ্চিমবঙ্গ অ্য়াসোসিয়েশন অফ হেলথ সার্ভিস ডক্টরস। সেখানে তাঁদের দাবি, তৃণমূল আমলের মতো এখনও তাঁদের হেনস্থা করা হচ্ছে। মুখ্যমন্ত্রীকে দেওয়া চিঠিতে তাঁরা লিখেছেন, অবিলম্বে মামলা প্রত্যাহার ও নিষ্পত্তি করতে হবে। কলকাতা পুলিশের কমিশনারকে মুখ্যমন্ত্রী যেন এই পদক্ষেপ এবং হয়রানি বন্ধ করার নির্দেশ দেন।

আর জি করকাণ্ডে বিচারের দাবিতে রাজপথে নেমেছিলেন চিকিৎসকদের একাংশ। অভিযোগ, তৃণমূল সরকারের আমলে সেই চিকিৎসকদের বিরুদ্ধেই একের পর এক মিথ্য়া মামলা করা হয়।  রাজ্য়ে পালাবদল ঘটেছে কিন্তু, আন্দোলনকারী চিকিৎসকদের একাংশের অভিযোগ, মিথ্যে মামলায় তাঁদের যে হেনস্থা, সেই ছবিটা বদলায়নি। তৃণমূল আমলের মতো এখনও তাঁদের থানা ডেকে তলব, হেনস্থা করা হচ্ছে বলে অভিযোগ। শনিবারই তলব করা হয় অভয়া মঞ্চের সদস্য চিকিৎসক তমোনাশ চৌধুরীকে। হাজিরা দেওয়ার পর তিনি বলেন, ‘এই হেনস্থা, এই হয়রানি কবে থামবে?’ ‘আর জি কর মেডিক্য়াল কলেজের নৃশংস হত্যার পর অভয়ার ন্য়ায় বিচারের দাবিতে, সেই হত্য়ার প্রতিবাদে আমরা সবাই রাস্তায় নেমেছিলাম। পূর্বতন সরকার এই প্রতিবাদীদের হেনস্থা করার জন্য বারেবারে থানায়, কোর্টে ডেকে পাঠিয়েছেন। হেনস্থা করেছেন। আবার দেখছি আমাদের ডেকে পাঠানো হচ্ছে।’

চিঠিতে কী লেখা হয়েছে ?             

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে চিঠি লিখল পশ্চিমবঙ্গ অ্য়াসোসিয়েশন অফ হেলথ সার্ভিস ডক্টরস। চিঠিতে বলা হয়েছে, চিকিৎসক ও সাধারণ নাগরিকরা ন্যায়বিচারের দাবিতে পথে নেমেছিলেন। এর পাল্টা তৎকালীন প্রশাসন প্রশাসনিক প্রতিহিংসার পথ বেছে নিয়েছিল এবং চিকিৎসক ও আন্দোলনকারীদের বিরুদ্ধে মিথ্যা, প্রতিহিংসাপরায়ণ মামলা দায়ের করে। অত্যন্ত উদ্বেগের বিষয় হল, সরকার পরিবর্তনের পরেও বর্তমান প্রশাসন ঠিক সেই একই দমনমূলক পথেই হাঁটছে। যে চিকিৎসকরা কয়েক মাস আগেই আগাম জামিন নিতে বাধ্য হয়েছিলেন, তাঁদের কাছে আবার পুলিশের নোটিস ও সমন পাঠানো হচ্ছে। 

আন্দোলনকারী চিকিৎসকদের পাশে দাঁড়িয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। এই বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্য়ায় জানান, ”আগের সরকার সমস্ত মামলা প্রতিহিংসামূলক করেছিল এবং ভয় দেখাতে করেছিল আশা করি মানবিক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই আবেদনের সাড়া দিয়ে পদক্ষেপ করবেন।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *