কলকাতা: বিগ বস বাংলার (Big Boss Bangla)-র ঘর থেকে সোহিনী পাল (Sohini Paul) বেরিয়ে যাওয়ার পরেই, এল নতুন সদস্য। বিগ বস বাংলার ঘরে পা রাখলেন, অনুষ্কা ঘোষ (Anuska Ghosh)। এর আগে Splitsvilla-র মতো জনপ্রিয় শো-তে অংশ নিয়েছিলেন অনুষ্কা। অভিনয় ও নাচের পাশাপাশি, মডেলিং ও করেন তিনি। মিস ইউনিভার্সের প্রতিযোগীতায় অংশ নিয়েছিলেন তিনি। আর এবার, বিগ বসের ঘরে পা পড়ল এই বঙ্গকন্যার। আর এই ঘরে আসতেই, নিজের মতো করে সবার সঙ্গে সমীকরণ তৈরির চেষ্টা করলেন তিনি। কোথাও বন্ধুত্ব আবার কাউকে উপদেশ দিয়ে নজর কাড়লেন অনুষ্কা। তবে বিগ বসের ঘরে থাকা বর্তমান প্রতিযোগীদের মধ্যে একমাত্র রাজবীর তাঁকে চিনতেন। আর সেই কারণেই, রাজবীরের সঙ্গে অনুষ্কার কথোপকথন বিগ বসের বাড়িতে নজর কাড়ল।
বিগ বসের ঘরে অনুষ্কা পা রাখতেই, সমীকরণ বদল!
বিগ বসের বাড়িতে পা রেখেই, অনুষ্কা প্রত্যেক প্রতিযোগী সম্পর্কে নিজের মতামত শেয়ার করে নেন। যেহেতু তিনি বাইরে থেকে এসেছেন এবং এতদিন ধরে দর্শকদের প্রতিক্রিয়া এবং শো-এ প্রতিযোগীদের সমীকরণ বাইরে থেকে দেখে আসছেন, সেই কারণে প্রত্যেককে নিয়ে নিজের মতামত ভাগ করে নেন অনুষ্কা। ঘরে এসেই তিনি ডিজে মাউস অর্থাৎ ঝিলাম গুপ্তার খোঁজ করছিলেন। এরপরে তিনি ধীরে ধীরে সবার সঙ্গেই আলাপ করে নেন। নন্দিনীর সঙ্গে তাঁর সামান্য কথা কাটাকাটিও হয়। নন্দিনী এই ঘরে খেলতে নয়, প্রেম করতে এসেছেন বলে কটাক্ষ করেন অনুষ্কা। পাশাপাশি তিনি বলেন, কোনও মানুষ ভুল করতেই পারেন। কিন্তু ভুলটাকে শুধরে নেওয়া এবং সেই ভুলটার জন্য ক্ষমা চাওয়াটাই তাঁর সম্পর্কে মানুষের মনোভাব বদল করে দিতে পারে। কিন্তু সৃজলার সঙ্গে নন্দিনী যেটা করেছেন, টাস্ক চলাকালীন যেভাবে তিনি সৃজলার ঘোড়াটাকে আছাড় মেরেছিলেন, তার জন্য তিনি ভুল স্বীকার করেননি। নন্দিনীর উচিত ছিল, সবার সামনে গোটা বিষয়টা নিয়ে ক্ষমা চাোয়া। নন্দিনী অবশ্য বলেন, তাঁকে কোনো কথা বলার সুযোগ না দিয়েই, অনুষ্কা এতগুলো কথা শুধু বলেই গেলেন।
অন্যদিকে এদিন নন্দিনী রাজবীরকে বলেন, সে অন্য কারও দ্বারা প্রভাবিত হয়ে, নিজের খেলাটাকেই নষ্ট করছে। আর দর্শকেরা একেবারেই এই বিষয়টা পছন্দ করছেন না। নন্দিনীর নাম উল্লেখ না করে, তাঁর কথাই উল্লেখ করেন অনুষ্কা। পাশাপাশি তিনি বলেন, রাজবীর গাধার মতো কাজ করছেন এবং এভাবে খেললে খুব তাড়াতাড়ি হেরে যাবেন তিনি।