কালিম্পং: পাহাড়ে ছুটি কাটাতে গিয়ে ভয়ানক বিপত্তি। ভয়াবহ দুর্ঘটনার মুখে পড়ল এক দম্পতি। মধুচন্দ্রিমায় নববধূর সঙ্গে ঘটল গা-শিউরে ওঠা ঘটনা। । পশ্চিমবঙ্গের কালিম্পং জেলার সিটংয়ের একটি রিসর্টে বারবিকিউ চলাকালীন আচমকাই আগুনের গোলা ছিটকে আসে মহিলার দিকে। আর তারপরই ঘটে সেই ভয়াবহ ঘটনা। গোটা ঘটনার দৃশ্য ধরা পড়েছে রিসর্টের সিসিটিভি ক্যামেরায়।
ইন্ডিয়া টু ডে সূত্রে খবর, পশ্চিমবঙ্গের চোপড়ার বাসিন্দা সমীর দাস তাঁর স্ত্রী নিকিতা দাসকে নিয়ে সিটংয়ে বেড়াতে গিয়েছিলেন। মাত্র দু’মাস আগেই বিয়ে হয়েছে। পাহাড়ি পরিবেশে কয়েকটি দিন নিজেদের মতো করে কাটাতা চেয়েছিলেন। বেছে নিয়েছিলেন জনপ্রিয় এক রিসর্টকে। ইন্ডিয়া টু ডে -র একটি প্রতিবেদনে প্রকাশিত হয়েছে খবরটি।
সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, বারবিকিউয়ের পাশে বসেছিলেন সমীর ও নিকিতা। তাঁদের উল্টোদিকে বসে থাকা এক ব্যক্তি কিছুক্ষণ পর উঠে দাঁড়ান। এরপর তিনি একটি ক্যান থেকে একটি তরল পদার্থ বারবিকিউয়ের আগুনে ঢেলে দেন। এর কয়েক সেকেন্ডের মধ্যেই আগুন আচমকা আগুন দাউ দাউ করে জ্বলে ওঠে। একটি বড়সড় আগুনের গোলা নিকিতার দিকে ছিটকে যায়। মুহূর্তের মধ্যে আগুনে ঘিরে ফেলে নিকিতাকে। ভয়ঙ্কর বিপদ ঘটে যাওয়ার আগেই উপস্থিত বুদ্ধির পরিচয় দেন রিসর্ট কর্মীরা। রিসর্ট কর্মীরা ও মহিলার স্বামী সমীর ছুটে আসেন। নিকিতাকে উদ্ধার করার চেষ্টা করেন। রিসর্টের কর্মীরাও দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। কোনওক্রমে নিকিতাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এখন কেমন আছেন নিকিতা, তা এখনও জানা যায়নি।
ঘটনার সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসতেই প্রশ্ন উঠছে, বারবিকিউয়ের আগুনে কী তরল ঢালা হল, কেনই বা ঢালা হল। এমন দাহ্য তরল কেন হাতের কাছে রাখা ছিল। কেনই বা ওই ব্যক্তি আগুনে ওই তরল ঢেলে দিলেন, উঠছে প্রশ্ন। তদন্ত করবে পুলিশ।