প্রথমে অর্ণব, তারপর মুরাসু আর এখন আকভান। এক মাসের মধ্যে তিন তিনটি ঘূর্ণিঝড়ের রক্তচক্ষুর সামনে ভারতীয় উপকূল। শীতের আগে এমন পরপর ঘূর্ণিঝড়ের ত্রিফলা বিরলই বটে। অতি গভীর নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে নাম হয়েছে আকভান । এখন বঙ্গোপসাগরে ক্রমশ শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় আকভান (Cyclone Akvan)। ল্যান্ডফলের দিনগুনছে উপকূলের জেলাগুলি। 

আগের ঝড়েও রীতিমতো ধাক্কা এসেছিল ওড়িশা ও অন্ধ্র উপকূলে। এবারও সম্ভাব্য বিপর্যয় মোকাবিলায় কোমর বেঁধে নেমেছে ওড়িশা প্রশাসন। আগাম সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে রাজ্যের বিভিন্ন জেলায় মোতায়েন করা হয়েছে ৭৪টি বিপর্যয় মোকাবিলা ও উদ্ধারকারী দল। পাশাপাশি ভূমিধসপ্রবণ এবং নিচু এলাকাগুলিতে বসবাসকারী মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার প্রক্রিয়াও শুরু হয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২০ নভেম্বর অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়।

তিন সপ্তাহে তৃতীয় ঘূর্ণিঝড়, বাড়ছে উদ্বেগ

বঙ্গোপসাগরে পরপর ঘূর্ণিঝড় তৈরির ঘটনায় উদ্বেগ বাড়ছে উপকূলবর্তী রাজ্যগুলিতে। আকভান এই মরশুমে বঙ্গোপসাগরে তৈরি হওয়া তৃতীয় ঘূর্ণিঝড়।  মাত্র তিন সপ্তাহের মধ্যে তৈরি হয়েছে তিন-তিনটি। এর আগে ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে অন্ধ্রপ্রদেশ ও ওড়িশার বিস্তীর্ণ এলাকায় ক্ষয়ক্ষতি হয়েছিল। সেই অভিজ্ঞতা মাথায় রেখেই এবার আগেভাগে প্রস্তুতি নিচ্ছে প্রশাসন। ওড়িশার বিপর্যয় মোকাবিলা মন্ত্রী সুরেশ পূজারি প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করে পরিস্থিতি পর্যালোচনা করেছেন। উপকূলবর্তী ও ঝুঁকিপূর্ণ জেলাগুলিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ভারতীয় আবহাওয়া দফতর বা IMD-র পূর্বাভাস অনুযায়ী, বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া গভীর নিম্নচাপ শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড় আখভানে পরিণত হয়েছে। আগামী ১৯ নভেম্বরের সকালে এটি অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এরপর উত্তর-পশ্চিম দিকে এগিয়ে ২০ নভেম্বর দুপুর নাগাদ অন্ধ্রপ্রদেশ ও ইয়ানাম উপকূলের মধ্যে নেল্লোর ও টুনি এলাকার কাছাকাছি স্থলভাগে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে।
স্থলভাগে আছড়ে পড়ার সময় ঝড়ের সর্বোচ্চ স্থায়ী গতিবেগ ঘণ্টায় ১২০ থেকে ১৩০ কিলোমিটার হতে পারে। দমকা হাওয়ার বেগ পৌঁছতে পারে ঘণ্টায় ১৪৫ কিলোমিটার পর্যন্ত। ফলে অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী জেলাগুলিতে ব্যাপক সতর্কতা জারি করা হয়েছে।

ওড়িশার ছয় জেলায় বিশেষ সতর্কতা

ঘূর্ণিঝড়ের সরাসরি প্রভাব অন্ধ্রপ্রদেশে বেশি পড়ার সম্ভাবনা থাকলেও ওড়িশার দক্ষিণাঞ্চলেও ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। গঞ্জাম, গজপতি, কন্ধমাল, রায়গড়া, কোরাপুট এবং মালকানগিরি জেলাকে বিশেষভাবে নজরদারিতে রাখা হয়েছে। এই জেলাগুলির ভূমিধসপ্রবণ এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ত্রাণশিবির খোলা হয়েছে।  সেখানে প্রয়োজনীয় খাবার, পানীয় জল ও অন্যান্য পরিষেবার ব্যবস্থা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পরিস্থিতি সামাল দিতে ৬০টি ODRAF এবং ১৪টি NDRF দল প্রস্তুত রাখা হয়েছে। প্রয়োজন অনুযায়ী গঞ্জাম, গজপতি, কন্ধমাল, রায়গড়া, কোরাপুট, মালকানগিরি এবং পুরী জেলায় এই দলগুলিকে কাজে লাগানো হবে।

আগের ঘূর্ণিঝড়ের অভিজ্ঞতা থেকে শিক্ষা

ঘূর্ণিঝড় অর্ণবের সময় ওড়িশায় ভূমিধসের ফলে প্রাণহানির ঘটনা ঘটেছিল। সরকারি হিসাব অনুযায়ী, সেই বিপর্যয়ে অন্তত ১১ জনের মৃত্যু হয় এবং ছয় জন নিখোঁজ ছিলেন। সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েই এবার ভূমিধসের ঝুঁকি কমানোর দিকে বিশেষ নজর দিচ্ছে প্রশাসন। 
দক্ষিণ ওড়িশার ঋষিকুল্যা, নাগাবলি, বহুদা এবং বংশধারা নদীর উপর থাকা বাঁধগুলি থেকে আগাম জল ছাড়া হয়েছে। অতিরিক্ত বৃষ্টির জল ধরে রাখার জন্য জলাধারগুলিতে জায়গা তৈরি করাই এর উদ্দেশ্য। গঞ্জাম জেলাতেও আগাম সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। ইতিমধ্যেই ১০৭ জন অন্তঃসত্ত্বা মহিলাকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ভূমিধসপ্রবণ এলাকা এবং নিচু বসতিগুলির উপর নজর রাখছে স্থানীয় প্রশাসন।

মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ১৮ থেকে ২০ নভেম্বর পর্যন্ত সমুদ্র উত্তাল থেকে অতি উত্তাল থাকতে পারে। তাই এই সময় মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *