কলকাতা : পথচলা শুরু হয়েছিল ১৮৭৬ সালে। এক-দুই করে দেড়শো বছর পার করল কলকাতার প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠানগুলির অন্যতম প্র্যাট মেমোরিয়াল স্কুল। বিশ্বাস, শিক্ষা ও ঐতিহ্যের ওপর ভর করে গড়ে ওঠা এই প্রতিষ্ঠানের মূল মন্ত্র হল- ‘প্রো দেও এত একলেসিয়া’। ল্যাটিন এই শব্দের অর্থ, ‘ঈশ্বর ও গির্জার জন্য’। সেই প্র্যাট মেমোরিয়ালের সার্ধ শতবর্ষ উদযাপনের অনুষ্ঠান হয়ে গেল। অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজ্যপাল আর এন রবি।
একজন প্রকৃত মানুষ হয়ে উঠতে শিক্ষার ভূমিকার কথা বলেন তিনি। শিক্ষার্থীদের বড় স্বপ্ন দেখা, শৃঙ্খলাপরায়ন হওয়া এবং প্রতিকূলতাকে শেখার সুযোগ হিসেবে গ্রহণ করার কথাও বলেন রাজ্যপাল। রাজ্যপাল ছাড়াও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাইকোর্টের বিচারপতি অপূর্ব সিংহ রায়, কবি জয় গোস্বামীর মতো বহু বিশিষ্ট ব্যক্তিত্ব।
সঙ্গীত ও নৃত্য পরিবেশনের পাশাপাশি এদিনের অনুষ্ঠানে পড়ুয়াদের আবৃত্তি দর্শকদের নজর কাড়ে। এছাড়াও এই শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠার দেড়শো বছর পূর্তির মাইলফলককে স্মরণীয় করে রাখতে বিভিন্ন বৈজ্ঞানিক ও রোবোটিক্স মডেল, হোম সায়েন্সের প্রজেক্ট ও পুষ্প প্রদর্শনীর আয়োজনও করেছিল শিক্ষার্থীরা। প্রতিটি কাজেই শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম ও কল্পনাশক্তির ছাপ ছিল স্পষ্ট। এদিনের অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন অভিভাবকরাও। অনুষ্ঠান যাতে সকলে ভালভাবে দেখতে পান, তারজন্য জায়ান্ট স্ক্রিনের ব্যবস্থা করেছিল স্কুল কর্তৃপক্ষ।