কলকাতা: ভোট চুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিরোধীরা একজোট হয়েছিলেন দিল্লিতে। কংগ্রেস নেতৃত্বের পাশাপাশি রামলীলার ময়দানে উপস্থিত হন সিপিএমের সাধারণ সম্পাদক এম এ বেবি এবং তৃণমূলের মমতা মমতা বন্দ্যোপাধ্যায়। দু’জনেই রামলীলা ময়দানে পৌঁছে ছিলেন একইসঙ্গে। তারও আগে চিঠি চালাচালি থেকে ফোনাফোনি সবই হয়েছে রাজনীতির মতাদর্শ অনুযায়ী দুই ভিন্ন শিবিরে থাকা শীর্ষ দুই নেতার মধ্যে। রামলীলার ময়দানে ভাষণ দেওয়ার সময় এম এ বেবি জানিয়েছিলেন, ভোটচুরি শেষ করতে একজোট হয়ে এই লড়াই এগিয়ে নিয়ে যাবেন তাঁরা। এম এ বেবিকে সমর্থন জানিয়ে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও মমতা তৃণমূল কংগ্রেসের দলনেত্রী তাঁকে এবং বামপন্থী দলগুলোকে ধন্যবাদ জানান উপস্থিত হওয়ার জন্য। আর এর পরেই CPM-TMC জোট নিয়ে জল্পনা একেবারে তুঙ্গে ওঠে। কারণ, বিজেপির বিরুদ্ধে লড়াই করতে সবাই একজোট হওয়ার ডাক দিয়েছিলেন।
যে সিপিএমের ৩৪ বছরের রাজত্বের অবসান ঘটিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, নরেন্দ্র মোদি ও বিজেপিকে রুখতে সেই তৃণমূলের সঙ্গেই কি এ রাজ্যে জোট বা কোনওরকম আসন সমঝোতায় যাবে সিপিএম? নাকি দিল্লির এই জোট সবই কেন্দ্রীয় স্তরে। রাজ্য স্তরের ক্ষেত্রে কোনও সম্ভাবনা নেই ? জোর চর্চা শুরু হয় রাজ্য রাজনীতির ময়দানে। এই প্রেক্ষাপটে রবিবার সিপিএমের সাধারণ সম্পাদকের মুখে শোনা গেল কেরলের প্রসঙ্গ। পশ্চিমবঙ্গের মমতার সঙ্গে জোট বাঁধবেন কিনা সে বিষয়ে স্পষ্ট জানালেন তিনি।
২০২৬-এ পশ্চিমবঙ্গের পাশাপাশি বিধানসভা নির্বাচন হয় কেরলে। সেখানে সিপিএম নেতৃত্বাধীন LDF-কে হারিয়ে ক্ষমতায় আসে কংগ্রেস নেতৃত্বাধীন UDF। অর্থাৎ, দিল্লিতে বিজেপিকে রুখতে সিপিএম ও কংগ্রেস একসঙ্গে এলেও, কেরলে দুই দলই একে অপরের প্রধান প্রতিদ্বন্দ্বী। রবিবার কলকাতায় এসে পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও সেই একই ইঙ্গিত দিলেন এম এ বেবি। আর এরপরই কটাক্ষ করতে ছাড়েনি বিজেপিও। সিপিএমকে সুবিধাবাদী বল বলে কড়া ভাষায় আক্রমণ করেন রাজ্য বিজেপির মুখপাত্র সায়ন্তন বসু। তিনি বলেন, ”সিপিএম কিন্তু চূড়ান্ত সুবিধাবাদী দল। এম এ বেবি এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের বেবি হয়েছেন। তার জন্য CPM পার্টি এই সুবিধাবাদী লাইন নিয়ে আসছে সেই ৯০ দশক থেকে। ৯৬ সালে কংগ্রেসকে সমর্থন করেছে। বাংলায় কংগ্রেসের সঙ্গে কুস্তি করেছে, দিল্লিতে কংগ্রেসের সঙ্গে দোস্তি করেছে। যে কারণে ৯৮-তে তৃণমূল কংগ্রেস দলটি তৈরি হয়েছে। আর এখন এক পদ্ধতিতে তৃণমূলের সঙ্গে আঁতাত করতে চাইছে। ”