নন্দীগ্রাম : নন্দীগ্রাম উপনির্বাচনে জয়ের টার্গেট ঠিক করে দিলেন মুখ্যমন্ত্রী । সোমবার নন্দীগ্রাম থেকে মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দিলেন, ‘জিততে হবে ফলতার চেয়েও বেশি ভোটে, ভাঙতে হবে রেকর্ড’। নন্দীগ্রামের সভা থেকে, একগুচ্ছ উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে বড় ব্যবধানে তৃণমূল প্রার্থীকে হারানোর ডাক দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার নন্দীগ্রামে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী বললেন, রেকর্ড ভোটে জেতাতে হবে বিজেপি প্রার্থীকে আগামী উপনির্বাচনে। মুখ্যমন্ত্রী বলেন, গতবার আপনারা আমাকে ৮২,০০০ ভোটে জিতিয়েছিলেন। আপনাদের মনে আছে? এবার রেকর্ডটা ভাঙতেই হবে।
মুখ্যমন্ত্রী বলেন,’নন্দীগ্রামই অগ্রাধিকার। আপনারা আমাকে নির্বাচিত করেছেন, এবং আমি প্রায় সাড়ে তিন মাস ধরে মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছি। এই স্বল্প সময়ে আমরা যে কাজ করেছি তা কেবল শুরুমাত্র । ‘
সোমবার প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও পদে পদে নিশানা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দাবি করলেন, “প্রাক্তন মুখ্যমন্ত্রী আগের ভোটে হেরেছিলেন বলে রেলের প্রকল্প আটকে রেখেছিলেন। আমরা এসে সাড়ে ৩ একর জমি দিয়েছি, প্রথম ট্রেনে আমি চাপব আপনাদের নিয়ে”। নন্দীগ্রাম থেকে আরও চাঞ্চল্যকর অভিযোগ করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে। বললেন, “হেরেছিলেন বলে নন্দীগ্রাম আন্দোলনে মৃতদের ডেথ সার্টিফিকেট আটকে রেখেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী জানান, নন্দীগ্রাম আন্দোলন ও স্থানীয় মানুষের বিরুদ্ধে থাকা সমস্ত আইনি মামলা তুলে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।
এদিন অন্নপূর্ণা যোজনার টাকা নিয়েও বড় বার্তা দেন মুখ্যমন্ত্রী। বলেন, অগাস্ট মাসে অন্নপূর্ণা যোজনার অধীনে নন্দীগ্রামের প্রায় ৬৭,০০০ মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৩,০০০ করে টাকা পাঠানো হয়েছে । আরও ৫,০০০ আবেদন যাচাই-বাছাইয়ের অধীনে রয়েছে। মুখ্যমন্ত্রী ঘোষণা করেন , জব কার্ডধারীরা বছরে ১২৫ দিনের মজুরিভিত্তিক কাজের সুযোগ পাবেন।