কলকাতা: সোমবার সকাল থেকে আকাশের মুখ ভার । থেকে থেকে নামছে ঝমঝমিয়ে বৃষ্টি । আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ?
নিম্নচাপের জেরেই এই বৃষ্টি, জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর । গত ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা এবং উত্তরবঙ্গের কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়েছে ।
গতকাল গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন উত্তর ওড়িশা উপকূল ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের ওপর অবস্থিত সুষ্পষ্ট নিম্নচাপ অঞ্চলটি আজ, ৩১ অগাস্টও একই জায়গায় রয়েছে ।
আগামী ২৪ ঘণ্টার মধ্যে এটি পশ্চিম-উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে উত্তর ওড়িশা এবং দক্ষিণবঙ্গের ওপর দিয়ে অতিক্রম করতে পারে । সব জেলায় জারি করা হয়েছে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা ।
Special Bulletin No. 4: Well-Marked Low Pressure area over Gangetic West Bengal and adjoining areas of North coastal Odisha & Northwest Bay of Bengal. pic.twitter.com/DlpgH9ccOa
— IMD Kolkata (@ImdKolkata) August 31, 2026
এর জেরে উত্তরবঙ্গের দুই জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে । দার্জিলিং ও জলপাইগুড়ি । দুই জেলায় অতি ভারী বর্ষণের আশঙ্কা । আলিপুরদুয়ার, কোচবিহার ও কালিম্পংয়ে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে ।
দক্ষিণবঙ্গেও রয়েছে দুর্যোগ কাঁটা । পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও বাঁকুড়া, পুরুলিয়ে ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর ।
আরও পড়ুন: পাকিস্তান এখন অতীত, ইংল্যান্ডের স্থানীয় ক্রিকেটার হয়ে গিয়েছেন! কী জানালেন আমির?
দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে । সঙ্গে ঝোড়ো হাওয়া বইবে ।
পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় বজ্রপাতের আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া দফতর । বৃষ্টির সময় খোলা জায়গায় না থাকার পরামর্শ দিয়েছেন আবহবিদরা ।
আরও পড়ুন: বাপ কা বেটা, ভারতীয় দলে অনভয় দ্রাবিড়, ঘরোয়া ক্রিকেটে কেমন রেকর্ড? অজানা কাহিনি
কলকাতায় অবশ্য মঙ্গলবার হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর । বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের সব জেলায় ।
মঙ্গলবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩২ ডিগ্রি সেলসিয়াস । সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াস ।