সুজিত মণ্ডল, নদিয়া: রাজ্যে পালাবদলের পরই একের পর এক তৃণমূল নেতা ও কর্মীদের জেলযাত্রার ছবি ধরা পড়ছে প্রতিনিয়ত। ২০২১-এর ভোট পরবর্তী হিংসার মামলায় এবার হরিণঘাটায় গ্রেফতার হলে দু’জন। পুলিশের জালে প্রাক্তন তৃণমূল ওয়ার্ড সভাপতি ও পুরসভার কাউন্সিলর। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পরবর্তী হিংসার ঘটনায় বিজেপি নেতার উপর হামলার অভিযোগে হরিণঘাটায় গ্রেফতার হলেন এই দুই তৃণমূল নেতা।

হরিণঘাটা পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুরজিৎ বিশ্বাস ও তৃণমূলের প্রাক্তন ওয়ার্ড সভাপতি বাবন করকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভোট পরবর্তী হিংসার ঘটনায় বিজেপি নেতার উপর হামলার অভিযোগে তাঁদের বিরুদ্ধে মামলা ছিল। দীর্ঘদিন ধরে ওই মামলার তদন্ত চলছিল। মঙ্গলবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে হরিণঘাটা থানার পুলিশ পৃথকভাবে তাঁদের বাড়িতে অভিযান চালিয়ে দুজনকে আটক করে। পরবর্তীতে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে দু’জনকেই গ্রেফতার করে পুলিশ। আজ ধৃতদের কল্যাণী মহকুমা আদালতে পেশ করা হয়।

ভােট পরবর্তী মামলায় গ্রেফতারি ও পুলিশের জালে ধরা পড়ার ঘটনা এই প্রথম নয়। কিছুদিন আগেই হাওড়ার মঙ্গলাহাট থেকে তোলাবাজি ও একুশের ভোটপরবর্তী হিংসায় প্রত্যক্ষ মদতের অভিযোগে গ্রেফতার হয়েছিলেন তৃণমূলের প্রাক্তন পুরপিতা শৈলেশ রাই। তাঁকে গাজীপুর থেকে গ্রেফতার করেছিলেন হাওড়া সিটি পুলিশের গোয়েন্দারা। রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ রায়ের ঘনিষ্ঠ ছিলেন এই শৈলেশ রাই। তাঁকে দীর্ঘদিন ধরেই পুলিশ খুঁজছিলেন। গত ৪ মে ভোটের ফল ঘোষণার পরই নিজের এলাকা থেকে বেরিয়ে পালিয়ে যান শৈলেশ রাই। তাঁকে হন্যে হয়ে খুঁজতে থাকে পুলিশ। শেষ পর্যন্ত পুলিশের গোপন সূত্রে খবর পেয়ে হাওড়া সিটি পুলিশের গোয়েন্দা বিভাগের একটি দল গাজিপুরে আত্মীয়ের বাড়িতে অভিযান চালায়, সেখানেই লুকিয়ে ছিলেন শৈলেশ রাই। তাঁকে সেখান থেকেই গ্রেফতার করা হয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *