কলকাতা: বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর তৃণমূল ছেড়েছিলেন। সম্পূর্ণ অখ্যাত একটি দল NCPI-তে যোগ দিয়েছিলেন একসঙ্গে। কিন্তু এখন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস পরিচয়েই ডিলিমিটেশন বিল নিয়ে ভোটাভুটিতে অংশ নেবেন ২০ জন সাংসদ। রবিবার একথা নিজেই জানিয়েছেন কাকলি ঘোষ দস্তিদার। এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে হুইপও জারি করেছেন তিনি। সেই নিয়ে তাঁকে তীব্র কটাক্ষ করেছেন মমতা-তৃণমূলের সাংসদ মহুয়া মৈত্র। (Mahua Moitra on NCPI)

NCPI হিসেবে এখনও পর্যন্ত স্বীকৃতি না মেলায় বিধানসভায় তৃণমূল সাংসদ পরিচয়েই ভোটাভুটিতে অংশ নেওয়ার কথা জানিয়েছেন কাকলি। আর সেই নিয়েই তাঁকে কটাক্ষ করেছেন মহুয়া। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, ‘যে মহিলা বলছিলেন, তিনি NCPI-তে যোগ দিয়েছেন, সেই দলের চিফ হুইপ তিনি, তার জন্য সুপ্রিম কোর্টে লড়াইও করছেন। তিনি এখন আমাদের চিঠি পাঠিয়ে বলছেন, তিনি সর্বভারতীয় তৃণমূলের চিফ হুইপ’। সংসদীয় মন্ত্রী কিরেণ রিজিজুকে ট্যাগ করে মহুয়া লেখেন, ‘মন্ত্রী মশাই, এই ২০ জন  NCPI সাংসদকে আপনি সর্বদল বৈঠকে ডেকেছিলেন। এখন তাঁদের একজন সাংসদ আমাদের চিঠি দিয়ে বলছেন তিনি AITC-র চিফ হুইপ। আপনি মিথ্যে বলছেন, না তিনি’? (TMC News)

আরও পড়ুন: ডিলিমিটেশন বিল: NCPI হিসেবে নয়, সর্বভারতীয় তৃণমূল হিসেবেই ভোটাভুটিতে অংশ নেবেন ২০ জন, জানালেন কাকলি ঘোষ দস্তিদার, বললেন, ‘স্পিকারের মান্যতা মেলেনি’

কাকলির বিরুদ্ধে জালিয়াতির অভিযোগও তুলেছেন মহুয়া। NCPI-এর প্রতীকে কাকলির ছবি তুলে ধরেছেন। এমনকি সুপ্রিম কোর্টে তৃণমূলের যে মামলা চলছে, তাতে NCPI সাংসদ হিসেবে কাকলির পরিচয়ের উল্লেখ রয়েছে বলেও নথি তুলে ধরেছেন তিনি।

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে এবছর ভরাডুবি হয় তৃণমূলের। এর পরই ভেঙে খান খান হয়ে যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈরি করা দল। দলের সিংহভাগ বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে চলে যান। লোকসভার ২০ জন সাংসদ মিশে যান NCPI-তে, সেই তালিকায় ছিলেন তারকা সাংসদ দেব থেকে শতাব্দী রায়, রচনা বন্দ্যোপাধ্যায়, সায়নী ঘোষ, কাকলি, সুদীপ বন্দ্যোপাধ্যায়, জুন মালিয়া, মালা রায়, জগদীপ বাসুনিয়ারা। 

আরও পড়ুন: ডিলিমিটেশন বিল পাস হলেই কি ‘এক দেশ এক নির্বাচন’, কী পরিকল্পনা মোদি সরকারের?

এর পর গত কয়েক মাসে কম টানাপোড়েন চলেনি। দলত্য়াগ বিরোধী আইনে ২০ জন সাংসদের সদস্যপদ বাতিলের আবেদন জানিয়েছে মমতা তৃণমূল। আদালতেও পৌঁছে গিয়েছে বিষয়টি। সেই আবহেই ডিলিমিটেশন বিল নিয়ে সংসদের বিশেষ অধিবেশনের ঘোষণা হয়। আগেই নিজেদের NDA বলে দাবি করেছিলেন NCPI সাংসদরা। তাই ডিলিমিটেশন বিলকেও সম্পূর্ণ ভাবে সমর্থনের কথা জানান। সেই নিয়ে স্পিকার ওম বিড়লাকে চিঠি লেখেন অভিষেক। NCPI সাংসদরা যাতে ভোটাভুটিতে অংশ নিতে না পারেন, আবেদন জানান। সেই সঙ্গে তাঁরা যে লোকসভায় আলাদা বসেন, উল্লেখ করেন সেকথাও। 

একদিন আগে সাংবাদিক বৈঠক করে অভিষেক জানান, NCPI-তে যোগ দেওয়া সত্ত্বেও, বাদল অধিবেশনে ওই সাংসদদের তৃণমূল সাংসদ বলেই উল্লেখ করা হচ্ছিল। এখনও তাঁদের NCPI পরিচিতিকে স্বীকৃতি দেননি স্পিকার। রেকর্ডেও যেহেতু এখনও তৃণমূলের সাংসদ হিসেবে ২৮ জনের নাম দেখাচ্ছে, তাই হুইপও জারি করেন অভিষেক। ডিলিমিটেশন বিলের বিরুদ্ধে ভোট দিতে নির্দেশ দেন। কিন্তু রবিবার দিল্লিতে সুকান্ত মজুমদারের বাড়িতে দীর্ঘ ক্ষণ বৈঠকের পর কাকলির তরফে অভিষেকের উদ্দেশেই পাল্টা হুইপ জারি করা হয়। তাঁর দাবি, NCPI হিসেবে এখনও তাঁদের স্বীকৃতি দেননি স্পিকার। ফলে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাংসদ হিসেবেই ভোটাভুটিতে অংশ নেবেন তাঁরা। আগে যেহেতু দলের চিফ হুইপ ছিলেন তিনি, তাই অভিষেকের উদ্দেশে হুইপ জারি করেছেন। সেই নিয়েই নতুন করে টানাপোড়েন শুরু হয়েছে। 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *