নয়া দিল্লি: এনসিপিআই সাংসদদের সঙ্গে বৈঠক হয়েছে বিজেপি নেতৃত্বের। সেই বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার, রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ আরও অনেকেই। বৈঠক থেকে বেরিয়ে NCPI সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় বললেন তাঁদের ২০ জন ছাড়া, আরও অনেকেই নাকি ভোট দিতে পারে আগামিকাল।
আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর ভিকট্রি সাইন, কটাক্ষ কুণালের; শমীক বললেন, ‘তৃণমূলের নিজের সংসার সামলানো উচিত ছিল’
সুদীপ বন্দ্যোপাধ্যায় বললেন, “এই প্রথম বিজেপির রাজ্য স্তরের নেতৃত্ব ও আমাদের সাংসদদের মধ্যে একটা মিলন হল। এই যাত্রাপথ যেন সুষ্ঠ ভাবে চলে। আমরা এটাও প্রত্যাশা করে রয়েছি, আমাদের ভোট সংখ্যা ২০-এর উপরে উঠলেও উঠতে পারে। এ ছাড়াও উনি কালকেও আবার হাউসের অবস্থা দেখে কোনও সাংসদের কোনও সুবিধা বা অসুবিধা থাকলে শুনবেন। উনি বঙ্গ ভবনে সাংসদদের জন্য আরও ২ ঘণ্টা সময় বরাদ্দ করেছেন।”
সংখ্যালঘু সাংসদদের কথাও এদিন বলেন সুদীপ। তিনি বলেন, “আমাদের যে সংখ্যালঘু সম্প্রদায়ের সাংসদ রয়েছেন, যাঁদের নয়ে একটু কথা চালাচালি হচ্ছিল, তাঁরা ৩ জনই উপস্থিত ছিলেন। উনি তাঁদের নির্দিষ্ট ভাবে বলে গিয়েছেন, যে তিনি যখন তৃণমূল করতেন তখনও নির্বাচনী ইশতেহারে এই মহিলা সংরক্ষণ ছিল। তাহলে দলের কেউ এসে কোনও প্রশ্ন করলে কোনও অসুবিধা হওয়ার কারণ নেই। সেই যুক্তিতে ভোট দেওয়ার ক্ষেত্রে তাঁদের কোনও দ্বিধা, দ্বন্ধ নেই। সুতরাং আজকের বৈঠক একদিক থেকে ভাল হয়েছে। সব সাংসদই উপস্থিত ছিল। এখন আপনাদের দেখতে হবে যে ২০ জনের বাইরে কারা এল।”
চিফ হুইপ হিসাবে কি কাকলি ঘোষ দস্তিদার মান্যতা পেয়েছেন? সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেছেন, “আমাদের মান্যতার কোনও প্রয়োজন নেই। কারণ স্পিকার জানিয়েছেন, খাতায় কলমে চিফ হুইপ এখনও কাকলি ঘোষ দস্তিদারই আছেন। উনি হুইপ জারি করবেন। এবং যে বৈঠকে কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে আর একজনকে হুইপ করা হয়েছিল, সেই সংক্রান্ত রিপোর্ট, কারা উপস্থিত ছিলেন, তাদের স্বাক্ষর সহ কাগজপত্র নেই স্পিকারের কাছে। আমাকে সরিয়ে যখন অভিষেককে করা হয়েছিল, সেটা আছে। কিন্তু ডেপুটি লিডার বা চিফ হুইপের কিছুই নেই।”