কলকাতা: বিজেপি কর্মীর (BJP News) বিয়েতে তারস্বরে DJ, অভিযোগ, প্রতিবাদ করায় আবাসনে ঢুকে চলে হামলা! দলবল নিয়ে চড়াও হন বিজেপি নেত্রী। দক্ষিণ দমদমের এই ঘটনায়, ফেসবুকে ক্ষমা চেয়েছেন স্থানীয় বিজেপি বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারি (Tarunjyoti Tewari)। লিখেছেন, অহঙ্কারের পরিণতি পতন। যদিও বিজেপি নেত্রীর দাবি, আগে অশান্তি করেছে আবাসনের লোকজন। তাদের মধ্যে তৃণমূলের লোক আছে বলেও অভিযোগ করছেন তিনি।
DJ বাজানোর প্রতিবাদ করায় আবাসিকদের ‘মারধর’ করার অভিযোগ উঠে বিজেপি কলকাতা উত্তর শহরতলি জেলা, মহিলা মোর্চার সভানেত্রী সরস্বতী বিশ্বাস ও তাঁর দলবদলের বিরুদ্ধে। আর দক্ষিণ দমদমের এই ঘটনায়, বাসিন্দাদের কাছে ক্ষমা চাইলেন স্থানীয় বিজেপি বিধায়ক, তরুণজ্য়োতি তিওয়ারি। সোশ্যাল মিডিয়ায় ক্ষমা প্রার্থনা করে পোস্ট করেন রাজারহাট গোপালপুরের বিধায়ক।
বৃহস্পতিবার রাতে, স্থানীয় এক বিজেপি কর্মীর বিয়েতে DJ বাজানো নিয়ে অশান্তির সূত্রপাত। সূত্রের খবর, খুব জোরে DJ বাজানোয়, প্রতিবাদ জানান পার্শ্ববর্তী সান ভ্য়ালি কমপ্লেক্সের বাসিন্দারা। অভিযোগ এরপরই, সাঙ্গপাঙ্গদের নিয়ে আবাসনে ঢোকেন, কলকাতা উত্তর শহরতলি জেলার বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী, সরস্বতী বিশ্বাস।
অভিযোগ, মারধর করা হয় আবাসনের বাসিন্দাদের। নাক ফেটে যায় এক বাসিন্দার। সেই আক্রান্ত যুবকের বাবার দাবি, ‘ছেলে গেছে লোকটাকে বাঁচাতে। লোকটা ওখান থেকে পালিয়ে গেছে। পেল আমার ছেলেকে। সব গ্রুপ মিলে ছেলেকে মারল। আমার ছেলেকে ভেবেছে বোধহয় TMC-র লোক।’
আরও পড়ুন:- জাল হলফনামার ভিডিও ঘিরে বিতর্ক, অভিষেকের বিরুদ্ধে পুলিশকে কালিমালিপ্ত করার অভিযোগ, দায়ের FIR
এরপর, শুক্রবার ফেসবুকে ক্ষমা চেয়ে পোস্ট করেন, এলাকার বিজেপি বিধায়ক তরুণজ্য়োতি তিওয়ারি। সেখানে তিনি লেখেন, ‘দম্ভ আর অহংকারের পরিণতি একটাই—পতন। যাঁদের আচরণে ক্ষমতার দম্ভ প্রকাশ পাচ্ছে, তাঁদের মানুষ তো দূরের কথা, ভগবানও ক্ষমা করবেন না। অন্যায়কে প্রশ্রয় দেওয়ার কোনও প্রশ্নই ওঠে না। ব্যক্তির পরিচয় বা রাজনৈতিক পরিচিতি যাই হোক না কেন, আইনের ঊর্ধ্বে কেউ নন।’
পরবর্তীতে তিনি আরও জানান, ‘রাত ১১টায় DJ বাজানো অভব্য়তা। ক্ষমাপ্রার্থী। আমরা যদি TMC- র মতো করি, পতন হবে। মানুষ ভোট দিয়েছে। এই গুন্ডাগিরির জন্য় দেয়নি। অসহ্য়কর। নট অ্য়াকসেপটেবল।’ বিজেপির বিধায়কের ক্ষমা চাওয়াকে সাধুবাদ দিয়ে মমতা তৃণমূল কংগ্রেস বিধায়ক কুণাল ঘোষ বলেন, ‘তরুণজ্য়োতি তিওয়ারি, বিজেপির বিধায়ক যদি ক্ষমা চেয়ে থাকেন, তাহলে তিনি ভাল কাজ করেছেন।যারা হাউজিংয়ের মধ্য়ে ঢুকে, এই বেপরোয়া অসভ্য়তা করেছে, তাদের বিরুদ্ধে পুলিশের ব্য়বস্থা নেওয়া উচিত। এই কালচার বন্ধ হবে, আর মানুষদের ক্ষোভে প্রলেপ পড়বে বলে মনে হয় না।’
তবে পাল্টা সরস্বতী বিশ্বাস দাবি করছেন, ‘আপনারা সিনেমার সেকেন্ড পার্ট দেখেছেন। আগে আবাসনের লোকজন মারধর করে। আমরাও ক্ষমাপ্রার্থী, এখানে অনেক তৃণমূলের লোক আছে।’ এই ঘটনায় স্থানীয় বিজেপি নেতৃত্ব ও আবাসনের বাসিন্দা, দুই পক্ষই পুলিশের দ্বারস্থ হয়েছ। শনিবার, আবাসনে গিয়ে আবাসিকদের সঙ্গে কথা বলে নাগেরবাজার থানার পুলিশ।