
জিৎ দত্তের (Jeet Dutta) পরিচালনায় নতুন সিনেমায় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta)। ছবির নাম, ‘জয়িতা’ (Joyeeta)। সদ্যই এই ছবির ডাবিং শুরু করলেন তিনি।

ছবিতে ঋতুপর্ণা ছাড়ায় অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন,রোহিত রায় ( Rohit Roy), বিশ্বজিৎ চক্রবর্তী (Biswajit Chakrabarty), মানসী সিংহ (Manasi Sinha), রত্না ঘোষাল (Ratna Ghosal) এবং অন্যান্যরা।

ছবিটি প্রযোজনা করছে, আশা মাল্টিমিডিয়া ( Asha Multimedia)। ঋতুপর্ণার নতুন ছবিটি নিবেদন করছে, ‘ভাবনা আজ ও কাল’ (Bhavna Aaj O Kal )। এখনও ছবির মুক্তির দিন চূড়ান্ত হয়নি।

এই ছবির সঙ্গীতের দায়িত্বে রয়েছেন, রণজয় ভট্টাচার্য (Ranajoy Bhattacharjee)। এই ছবির গল্প এমন একজন মানুষের, যিনি আর্থিকভাবে সক্ষম, স্বচ্ছল। কিন্তু তিনি ব্যক্তিগত জীবনে ভীষণ একা। এই ব্যক্তির নাম, নাম শুভেন্দু রায়চৌধুরী

এক বন্ধুর পরামর্শে, তিনি নিয়োগ করেন জয়িতাকে। শারীরিক অসুস্থতা থেকে শুরু করে মানসিক একাকিত্ব.. সমস্ত প্রয়োজনেই জনয়িতাকে পাশে পান তিনি। জীবনের যেন এক নতুন অর্থ খুঁজে পান।

কিন্তু একটা সময়ে, শুভেন্দু রায়চৌধুরীর ছেলে রণজয় জনয়িতাকে বাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য করেন। আর এই ধাক্কা সহ্য করতে না পেরে, স্ট্রোক হয় শুভেন্দু রায়চৌধুরীর। কাজ করা বন্ধ করে দেয় তাঁর শরীরের একাংশ।

নিজের ভুল বুঝতে পেরে, বাবাকে আর একা রাখতে চান না রণজয়। বাবাকে নিয়ে তিনি আসেন আমেরিকা। কিন্তু এতে ফল হয় উল্টো। আরও একা হয়ে যেতে থাকেন, শুভেন্দু রায়চৌধুরী ।

শুভেন্দু রায়চৌধুরী এবং তাঁর ছেলেকে আবার নিজের বাড়িতে ফিরিয়ে নিয়ে আসেন জয়িতাই। একটা বয়সের পরে একাকিত্ব এবং মানসিক বিভিন্ন বাস্তব পরিস্থিতিকেই তুলে ধরবে এই গল্প।

অন্যদিকে সদ্যই মুক্তি পেয়েছে, ঋতুপর্ণা সেনগুপ্তের নতুন ছবি, ‘নজরবন্দি’। এই ছবিতে একজন শিল্পীর ভূমিকায় দেখা গিয়েছে ঋতুপর্ণাকে। তিনি জানান, এইরকম চরিত্রে তাঁকে আগে দেখেননি দর্শক।

অভিনয়ের পাশাপাশি বিভিন্ন সমাজসেবামূলক কাজের সঙ্গেও নিয়মিত যুক্ত থাকেন ঋতুপর্ণা। মানুষের পাশে দাঁড়ানোকে তিনি কর্তব্য বলেই মনে করেন। আপাতত নতুন এই ছবির ডাবিং নিয়ে ব্যস্ত তিনি।
Published at : 28 Nov 2026 12:15 AM (IST)