কলকাতা: নাচে গানে সরগরম রইল বিগ বস বাংলা। ঝগড়া-ঝাটি বাদ দিয়ে সবাই নজর কাড়লেন নিজেদের পারফরম্যান্সে। দর্শকেরা বলছেন, শেষে গিয়ে শুধু তাল কাটলেন একমাত্র জিতু।
স্মৃতিমেদুর বিগ বসের বাড়ি
বিগ বস বাংলায় লাক্সারি বাজেট টাস্কে প্রতিযোগীদের পারফরম্যান্স মন জিতে নিয়েছে দর্শকদের। অত্যন্ত সুন্দর,সাবলীল অ্যাক্টের মধ্যে দিয়ে প্রত্যেক প্রতিযোগী যে ভাবে নিজেদের মনপ্রাণ ঢেলে টাস্কটি করেছেন, তা প্রশংসা কুড়োচ্ছে নেটিজেনদের। দুর্নিবারের গানের পাশাপাশি বিশেষভাবে নজর কেড়েছে মনামীর পারফরম্যান্স। তাঁর পারফর্ম্যান্সই প্রমাণ করে দিয়েছে, কেন তিনি ধারাবাহিকভাবে নিজের জায়গাটা মজবুত রাখতে পেরেছেন। তাঁর কথা বলার ধরণ,ভাষার ওপরে নিয়ন্ত্রণ, প্রত্যেকের সুবিধে-অসুবিধে বুঝে নিয়ে দুর্দান্ত কোরিওগ্রাফি করার মুন্সিয়ানা…সব দেখে এদিনের এপিসোডে মনামীকে একশোয় একশো দিয়েছেন দর্শকেরা।
বিগ বস হাউজের সঙ্গে যেভাবে একাত্ম হয়ে গিয়েছেন প্রতিযোগীরা, তা ধরা পড়েছে রাজবীরের কথায়। আবেগপ্রবণ ভাবেই রাজবীর বলেছেন, বিগ বস হাউজটাই এখন যেন তাঁদের নিজেদের বাড়ি হয়ে গিয়েছে। কিন্তু ক’দিন বাদেই এই বাড়িটা আর তাঁদের থাকবে না। বুধবারের এপিসোডে সৃজলাকে নিরঞ্জনকে বলেছিলেন, ডাল-ভাত খেয়ে এই বাড়িতে তিনি এখনও তিন মাস থেকে যেতে পারেন। একই সুর শোনা গিয়েছে তনুশ্রীর কথাতেও। তিনিও বলেছেন বিগ বস হাউজের সঙ্গে তাঁদের একটা সম্পর্ক তৈরি হয়ে গিয়েছে। প্রতিযোগীদের নিজেদের মধ্যে একটা সম্পর্ক হয়তো রয়ে যাবে, কিন্তু এই বাড়ি ছেড়ে বেরোনোর পর তাঁরা আর কোনওদিনও এই বাড়িতে ফিরতে পারবেন না। তাঁদের জীবন থেকে একটা বাড়ি চলে যাবে।
নেটিজেনদের প্রশ্নের মুখে জিতু আর সৃজলার সম্পর্ক
বৃহস্পতিবারের মজাদার টাস্কের শেষ পাতে তেতো দিয়েছেন একমাত্র জিতু কমল। তিনি ফের সৃজলার সঙ্গে অশান্তি শুরু করলেন তাঁর চিঠিগুলোর প্রসঙ্গ তুলে। কেন সৃজলা চিঠিগুলো যত্ন করে রাখেননি, এই নিয়ে জিতুর ঔদ্ধত্য, ম্যানুপুলেশন আর সৃজলাকে কন্ট্রোল করার মরিয়া চেষ্টা আবার প্রকট হয়ে উঠেছে। দর্শকেরা মনে করছেন, সৃজলা বুঝতেই পারছেন না তিনি কীভাবে একটা বিষাক্ত সম্পর্কের মধ্যে জড়িয়ে ফেলছেন নিজেকে।
অনেকেই বলছেন, সৃজলা প্রথম থেকেই বিগ বস হাউজের অন্যান্য প্রতিযোগীদের সঙ্গে সহজ ভাবে মিশে যেতে পারেননি। একটা দূরত্ব বরাবরই বজায় থেকেছে। সেই দূরত্ব আরও বেড়েছে জিতুর ইন্ধনে। জিতু অত্যন্ত চতুরতার সঙ্গে, পরিকল্পনা মাফিক সৃজলাকে সবার থেকে আলাদা করে নিয়ে নিজের মর্জিমাফিক পরিচালনার চেষ্টা করছেন। আর এটা করতে গিয়েই তিনি সৃজলার ওপর অপিরিসীম মানসিক চাপও তৈরি করছেন। জিতুর সমালোচনা করে নেটিজেনরা বলছেন, জিতু সৃজলার সঙ্গে যে ব্যবহার করছেন তা কোনও মহিলার প্রাপ্য হতে পারে না। নারীর অধিকার এবং লিঙ্গ সাম্য নিয়ে যাঁরা কাজ করেন, তাঁরাও বলছেন জিতুর এই আচরণ একেবারেই মানসিক হিংসার পরিচায়ক।
দর্শকদের একাংশের মতে, সৃজলা মনে করছেন বিগ বস হাউজের অন্যান্য প্রতিযোগীরা তাঁকে সারাক্ষণ জাজ করছেন। এই পরিস্থিতিতে জিতু যখন সৃজলার পাশে দাঁড়াচ্ছেন, সহানুভূতি দেখাচ্ছেন…তখন সেটাকেই চরম ভালবাসা ভেবে ভুল করছেন সৃজলা। তিনি বুঝতেই পারছেন না যে এটা আসলে তাঁকে নিয়ন্ত্রণে রাখার কৌশল, ভালবাসা নয়। অন্ধ পুরুষতান্ত্রিক মনোভাব থেকেই জিতু এমনটা করছেন। বিগ বস হাউজের বাইরে জিতুর ইমেজে যাতে এতটুকুও দাগ না লাগে, কেউ যাতে তাঁর দিকে কোনও বিষয়ে আঙুল তোলার সুযোগ না পান তা নিয়ে জিতু অত্যন্ত সচেতন। আর এটা বজায় রাখার জন্য তিনি সবকিছু করতে রাজি। সৃজলা যদি জিতুর ভালবাসার প্রস্তাবে সম্মতি না দেন, তাহলে তাঁকে নিয়ে ইন্ডাস্ট্রিতে সবাই আড়ালে-আবডালে হাসাহাসি করবেন….এটা জিতু কিছুতেই মেনে নিতে পারবেন না বলে জানিয়েছেন সৃজলাকে। অকারণে সৃজলাকে গিল্ট ট্রিপও দিচ্ছেন জিতু। আর এই পুরো বিষয়টা দেখে দর্শকেরা বলছেন, এটা আসলে সম্পর্কের নির্যাতনেরই একটা রূপ, যেটা জিতুর আচরণে স্পষ্ট ধরা পড়ছে।