কলকাতা: SIR বাতিলের দাবিতে এবার পথে নামল বামপন্থী কৃষক সংগঠন সংযুক্ত কিষাণ মোর্চা। মিছিল থেকে উঠল মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবি। বৃহস্পতিবার ছিল সংবিধান দিবস। আর এই দিনেই SIR বাতিলের দাবিতে কলকাতায় পথে নামে সংযুক্ত কিষাণ মোর্চা। সুবোধ মল্লিক স্কোয়ারে সভা থেকে উঠল মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবি। এর আগে একই দাবিতে দিল্লি থেকে দেশের বিভিন্ন প্রান্তে আন্দোলনে নামতে দেখা যায় বিভিন্ন বাম সংগঠনকে। রাজপথে নেমে প্রতিবাদ করতে দেখা যায় সিপিএমের সাধারণ সম্পাদক M A বেবি, সিপিএম নেত্রী বৃন্দা কারাত থেকে শুরু করে আইসার অন্যতম মুখ নেহা বোরাকে। এবার সংবিধান দিবসে SIR নিয়ে সুর চড়াল বামপন্থী কৃষক সংগঠন সংযুক্ত কিষাণ মোর্চা।
২০২০ সালের ২৬ নভেম্বর। দেশের কৃষকদের ঐতিহাসিক দিল্লি চলো আন্দোলনে উত্তাল হয়েছিল রাজধানী। প্রতিবাদের আঁচে তপ্ত হয়ে ওঠে দিল্লি-হরিয়ানা সীমানা। সেই আন্দোলনের ৬ বছর পূর্তিতে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে একাধিক প্রতিশ্রুতিভঙ্গের অভিযোগ আনল সংযুক্ত কিষাণ মোর্চা। পাশাপাশি, আন্দোলনকারীদের মুখে উঠে এল MSP অর্থাৎ ফসলের ন্যূনতম সহায়ক মূল্য পাওয়া নিশ্চিত করতে আইন চালুর কথাও। খেতমজুরদের বছরে ২০০ দিন কাজ পাওয়া নিশ্চিত করা থেকে ৬০০ দৈনিক মজুরির মতো দাবি।
জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবি নিয়ে সংযুক্ত কিষাণ মোর্চা সর্বভারতীয় কমিটির সদস্য শঙ্কর ঘোষ বলেন, ”SIR-এ যে ১৩ কোটি ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে সেই নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে বরখাস্ত করতে হবে। পশ্চিমবঙ্গের যে মুখ্য নির্বাচন কমিশনার ছিলেন মনোজ আগরওয়াল, তাঁকে বরখাস্ত করতে হবে, গ্রেফতার করতে হবে। সমস্ত SIR প্রক্রিয়াকে বাতিল করতে হবে।”
অন্যদিকে, সংযুক্ত কিষাণ মোর্চার কর্মসূচি ঘিরে রণক্ষেত্র হয়ে ওঠে বর্ধমান। অভিযোগ, সেখানে পথসভা চলাকালীন হামলা চালায় বিজেপি আশ্রিত দুষকতীরা। আহত হন সংযুক্ত কিষাণ মোর্চার রাজ্য আহ্বায়ক কমল হালদার সহ একাধিক বামকর্মী। সংযুক্ত কিষাণ মোর্চার রাজ্য আহ্বায়ক কমল হালদার বলেন, ”মঞ্চে আক্রমণ করে, চেয়ার ছুড়ে মারে। বিজেপি লোকেরা…প্রচণ্ড রকমভাবে একটা লাঠি মারল। সাংঘাতিক আক্রমণ। যদিও এই অভিযোগ মিথ্যে বলে দাবি করেছে বিজেপি। কিষাণ মোর্চার অভিযোগের পাল্টা জবাব দিয়ে বর্ধমান সাংগঠনিক জেলার বিজেপি মুখপাত্র শান্তরূপ দে বলেন, ”আমার কাছে ফুটেজ আছে নিজেরা নিজেদের চেয়ার ভাঙচুর করে আমাদের ওপর দোষারোপ করছে।”