কলকাতা: ফের ভয়াবহ দুর্ঘটনা কল্যাণী এক্সপ্রেসওয়েতে। নিমতায় ডাম্পারের ধাক্কায় মৃত্যু এক হোমিওপ্যাথি চিকিৎসকের। মৃতের নাম সুকান্ত দাস। কল্যাণী রোডের শ্রী দুর্গা পল্লির কাছে রাস্তায় তাঁকে ধাক্কা মারে একটি ডাম্পার। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।
স্থানীয় সূত্রে খবর, কল্যাণী এক্সপ্রেসওয়েতে রাস্তা পার হওয়ার সময় একটি ডাম্পার গাড়ির ধাক্কায় মৃত্যু হল হোমিওপ্যাথি চিকিৎসকের। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে নিমতা থানার কালীবাড়ি মোড়ের কাছে। মুড়াগাছা থেকে MB রোডের দিকে যাচ্ছিল ডাম্পারটি, সেই সময় এই ভয়াবহ ঘটনাটি ঘটে যায়। ঘটনার জেরে রাস্তায় বিক্ষোভ দেখান স্থানীয়দের একাংশ। দীর্ঘক্ষণ পথ অবরোধ করেন তাঁরা। তৈরি হয় চরম বিশৃঙ্খলা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নিমতা থানার বিশাল পুলিশ বাহিনী।
আরও পড়ুন – শহরে জোড়া দুর্ঘটনা, ভয়ঙ্কর ঘটনা ঘটল সেক্টর ফাইভ ও বেহালাতে, আহতরা হাসপাতালে
ঘটনার পরে স্থানীয় বাসিন্দারা ক্ষুব্ধ হয়ে ভাংচুর চালান ডাম্পারটিতে। পথ অবরোধ করে ক্ষোভ উগরে দেন। তাঁদের অভিযোগ, যে জায়গায় দুর্ঘটনা ঘটেছে, ওই অংশে এখনও রাস্তা খারাপ, দীর্ঘদিন রাস্তা ঠিক করা হয়নি। আর এই রাস্তা দিয়েই বড় বড় ডাম্পার, লরি বেপরোয়া ভাবে চলাচল করছে। পুলিশ এসে অবরোধকারীদের সঙ্গে কথা বলে এবং প্রশাসনের আশ্বাসে অবরোধ উঠে যায়।
অন্যদিকে, আরও ভয়াবহ দুই পথ দুর্ঘটনা ঘটল কলকাতায়। সেক্টর ফাইভের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে সোজা ফুটপাথে উঠে গেল গাড়ি। গুরুতর আহত হন চালক ও গাড়িতে থাকা যাত্রীও। অন্যদিকে, ভোর রাতে বেহালার রাস্তাতেও ঘটে যায় ভয়ঙ্কর পথ দুর্ঘটনা। বেহালার রায় বাহাদুর রোডের পাশে একটি গাছে সজোরে ধাক্কা মারে একটি গাড়ি। দুর্ঘটনায় আহত হয়েছেন গাড়ির চালক।
শহরে জোড়া দুর্ঘটনা। একদিকে সেক্টর ফাইভের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে সোজা ফুটপাথে উঠে গেল গাড়ি। অন্যদিকে বেহালাতে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা মারে গাড়ি। সেক্টর ফাইভের দুর্ঘটনা নিয়ে পুলিশের দাবি, চালক ও যাত্রী দুজনেই মত্ত অবস্থায় ছিলেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, চিংড়িঘাটা থেকে এয়ারপোর্টগামী ওই অ্যাপ ক্যাবের গতি ছিল ১০০ কিলোমিটারের কাছাকাছি। যার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটে। অন্যদিকে, বেহালার দুর্ঘটনা ঠিক কী কারণে ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ। দুটি ঘটনাতেই গুরুতর আহত হন সকলে। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।