কলকাতা: ফের বেপরোয়া গাড়ির দৌরাত্ম্য! ভয়াবহ দুই পথ দুর্ঘটনা ঘটল কলকাতায়। সেক্টর ফাইভের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে সোজা ফুটপাথে উঠে গেল গাড়ি। গুরুতর আহত হন চালক ও গাড়িতে থাকা যাত্রীও। অন্যদিকে, ভোর রাতে বেহালার রাস্তাতেও ঘটে যায় ভয়ঙ্কর পথ দুর্ঘটনা। বেহালার রায় বাহাদুর রোডের পাশে একটি গাছে সজোরে ধাক্কা মারে একটি গাড়ি। দুর্ঘটনায় আহত হয়েছেন গাড়ির চালক।
শহরে জোড়া দুর্ঘটনা। একদিকে সেক্টর ফাইভের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে সোজা ফুটপাথে উঠে গেল গাড়ি। অন্যদিকে বেহালাতে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা মারে গাড়ি। সেক্টর ফাইভের দুর্ঘটনা নিয়ে পুলিশের দাবি, চালক ও যাত্রী দুজনেই মত্ত অবস্থায় ছিলেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, চিংড়িঘাটা থেকে এয়ারপোর্টগামী ওই অ্যাপ ক্যাবের গতি ছিল ১০০ কিলোমিটারের কাছাকাছি। যার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটে। অন্যদিকে, বেহালার দুর্ঘটনা ঠিক কী কারণে ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ। দুটি ঘটনাতেই গুরুতর আহত হন সকলে। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন – নিমতায় ভয়াবহ দুর্ঘটনা, ডাম্পারের ধাক্কায় মৃত্যু হল এক চিকিৎসকের
উল্লেখ্য, মঙ্গলবার সকালে যাদবপুরের ৮বি বাসস্ট্যান্ডের কাছেও ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটে। দ্রুতগতিতে ছুটে আসা একটি গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন দুই পথচারী। তাঁদের আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। স্থানীয় সূত্রে খবর, সিগন্যাল থেকে ডান দিকে ঘোরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে ডিভাইডারে ধাক্কা মারে গাড়িটি। এরপর একের পর এক পথচারীকে ধাক্কা দিতে থাকে। মুহূর্তের মধ্যে ঘটনাস্থলে ছড়িয়ে পড়ে আতঙ্ক। দুর্ঘটনার পর ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। গাড়িটিকে আটকে রেখে ভাঙচুর চালান স্থানীয়রা।
খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। আটক করা হয় গাড়ির চালককে। কীভাবে গাড়িটি নিয়ন্ত্রণ হারাল, তা খতিয়ে দেখছে পুলিশ। সোমবার কলকাতার ঢাকুরিয়া চত্বরে একটি ভয়াবহ পথ দুর্ঘটনায় আহত হয় বেশ কয়েকজন। ঢাকুরিয়া স্টেশনের কাছে শরৎ ঘোষ গার্ডেন রোডে নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাথে উঠে পড়ে একটি গাড়ি। এই ঘটনায় পথচারী-সহ অন্তত ৭ জন গুরুতর আহত হন। দুর্ঘটনায় ফুটপাথের একটি দোকানও খারাপভাবে ক্ষতিগ্রস্ত হয়।