নয়াদিল্লি : শেখ হাসিনার স্বেচ্ছায় বাংলাদেশ ফিরতে চাওয়ার সঙ্গে ঢাকার প্রত্যর্পণ অনুরোধ পৃথক বিষয়। যা প্রচলিত কার্যপদ্ধতির মাধ্যমে পরীক্ষা করা হচ্ছে বলে বুধবার জানিয়ে দিল ভারত। এদিন প্রেস ব্রিফিংয়ের সময় এ সম্পর্কে মন্তব্য করেন কেন্দ্রীয় বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল। প্রসঙ্গত, ১৬ ডিসেম্বর বাংলাদেশ ফেরার পরিকল্পনার কথা জানিয়েছেন হাসিনা। সেই সংক্রান্ত প্রশ্নের জবাব উপরের মন্তব্য করেন বিদেশমন্ত্রকের মুখপাত্র।
জয়সওয়াল বলেন, “নির্ধারিত প্রক্রিয়া অনুযায়ী অনুরোধটি খতিয়ে দেখা হচ্ছে। কোনও নাগরিকের স্বেচ্ছায় ফেরার বিষয়টি প্রত্যর্পণের অনুরোধ থেকে সম্পূর্ণ আলাদা একটি বিষয়।” তিনি আরও বলেন, “এটি শেখ হাসিনা এবং বাংলাদেশ সরকারের মধ্যেকার একটি বিষয়।” হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলি মঙ্গলবার জানিয়েছেন, উনি (শেখ হাসিনা) ১৬ ডিসেম্বর যা দেশের বিজয় দিবস, সেইদিন ফেরার পরিকল্পনা করছেন। তিনি বলেন, “হাসিনা তাঁর আইনজীবীর মাধ্যমে নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাই কমিশনের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় ট্রাভেল নথিপত্র চেয়েছেন। এছাড়া তিনি বাংলাদেশ সরকারের কাছে দিল্লি থেকে তাঁর ফেরার জন্য জাতীয় পতাকাবাহী বিমান সংস্থা ‘বিমান বাংলাদেশ এয়ারলাইন্স’-এর ব্যবস্থাও করার অনুরোধ জানিয়েছেন।” বাংলাদেশ ত্যাগ করার পর ২০২৪ সালের ৫ অগাস্ট থেকে ভারতে থাকছেন হাসিনা।
এদিকে ডিসেম্বর মাসে শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তনকে কেন্দ্র করে দেশে রাজনৈতিক উত্তেজনা বেড়ে যাওয়ায় বেশ কয়েকটি জেলায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বাংলাদেশ। এর অংশ হিসেবে সীমান্ত আধা-সামরিক বাহিনীর ১০৮ প্লাটুন মোতায়েন করা হয়েছে, যার মধ্যে ৫৬ প্লাটুন মোতায়েন করা হয়েছে শেখ হাসিনার নিজ জেলা গোপালগঞ্জে। ৭৯ বছর বয়সী এই রাজনীতিকের সম্ভাব্য প্রত্যাবর্তনের বিষয়টিকে কেন্দ্র করে গত কয়েক দিন ধরে বাংলাদেশজুড়ে হিংসার ঘটনা ঘটে চলেছে। এর মধ্যে ট্রেন, বাস ও ব্যাঙ্কে অগ্নিসংযোগের ঘটনাও রয়েছে। ২০২৪ সালের অগাস্ট মাসে ছাত্র-নেতৃত্বাধীন অভ্যুত্থানে নিজের সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর ঢাকা থেকে পালিয়ে শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন।
বাংলাদেশজুড়ে একের পর এক ঘটনায় পুলিশ বেশ কয়েকটির জন্য আওয়ামী লিগ ও এর সহযোগী সংগঠনের কর্মীদের দায়ী করেছে। হাসিনার সমর্থকরা আগামী দিনগুলিতে হিংসা ও নাশকতা আরও বাড়িয়ে তুলতে পারে, এই আশঙ্কার প্রেক্ষাপটে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। তবে কার্যক্রম নিষিদ্ধ হওয়া সত্ত্বেও আওয়ামী লিগ অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে ২৯ ও ৩০ নভেম্বর ‘লকডাউন’ কর্মসূচি পালনের জন্য প্রচার চালাচ্ছে, যার জেরে উত্তেজনা আরও বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।