কলকাতা: তৃণমূল জমানার প্রাক্তন দুই মন্ত্রী ব্রাত্য বসু এবং ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে জিরো FIR দায়ের হয়েছিল গত সপ্তাহে। যৌন হেনস্থা, শ্লীলতাহানি, দুর্নীতি, অপরাধমূলক ষড়যন্ত্র-সহ একাধিক অভিযোগের ভিত্তিতে জিরো FIR দায়ের হয় বাগুইআটি থানায়। তিনজন মহিলা এই অভিযোগ দায়ের করেন। অভিযুক্তের তালিকায় প্রায় ৪০ জনের নাম আছে। এই আধিকারিকদের ভূমিকা কী ছিল, তা জানতে ১১ জনকে মঙ্গলবার নোটিশ করা হয় প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর কমিশনের তরফে। আর এদের মধ্যে হাজিরা দিলেন ৭ জন।
কমিশন সূত্রে খবর, তপন তরফদার, জয়েন্ট ডিরেক্টর। সৌম হালদার, ডেপুটি ডিরেক্টর। অমিতাভ চৌধুরী, সিনিয়র সফ্টওয়ার ডেভলাপার সহ ৭ জন HRBC-এর ভবনে হাজিরা দেন। প্রাতিষ্ঠানিক দুর্নীতি বিরোধী তদন্ত কমিশন তাঁদের তলব করে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পর সরকারি সমস্ত ক্ষেত্রে দুর্নীতির বিরুদ্ধে তদন্ত করতে প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে এই কমিশন গঠন করেন। যাঁরা হাজিরা দিয়েছেন, তাঁরা সবাই তথ্য ও সম্প্রচার মন্ত্রকের আধিকারিক।
ঠিক কী অভিযোগ করেছিলেন ওই মহিলারা ?
প্রাক্তন মন্ত্রী ব্রাত্য বসু ও ইন্দ্রনীল সেন-সহ প্রায় ৪০ জনের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ দায়ের করেছিলেন কয়েকজন মহিলা। হেস্টিংস থানা এবং বেলঘরিয়া থানায় তাঁরা লিখিত অভিযোগ দায়ের করেছিলেন। কিন্তু এই অভিযোগের ভিত্তিতে পুলিশের তরফে কোনও এফআইআর দায়ের করা বা ন্যূনতম তদন্ত করা হয়নি। এরপর বাগুইআটির বাসিন্দা রাজীব নস্কর জিরো এফআইআর দায়েরের জন্য একটি লিখিত আবেদন করেছিলেন গত ১২ তারিখে। তার ভিত্তিতে গত ১৭ তারিখ রাতে বাগুইআটি থানা একটি জিরো এফআইআর দায়ের করেছে ইন্দ্রনীল সেন, ব্রাত্য বসু-সহ ৪০ জনের বিরুদ্ধে। সেই এফআইআর পাঠিয়ে দেওয়া হবে সংশ্লিষ্ট থানায়।
অভিযোগ নিয়ে ব্রাত্য বসু কী জানিয়েছিলেন ?
প্রাক্তন মন্ত্রী ব্রাত্য বসু এই অভিযোগ অস্বীকার করেছেন। তিনি জানান, ওই মহিলাকে কখনও দেখেনইনি। এবিপি আনন্দকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে ব্রাত্য বলেন, “সমাজে এমন অবস্থা যে মিথ্যে অভিযোগ করা হচ্ছে, আর প্রমাণ দিতে হচ্ছে অভিযুক্তকেই যে আমি করিনি, এসব ছিলই না! আরে একটা প্রমাণ দেখাতে হবে তো! আমি তো দেখিইনি অভিযোগকারিণীকে! আমাকে তো চোখে দেখতে হবে, ফোনে একটা মেসেজ অন্তত থাকতে হবে ফোনে। “সিসিটিভিতে তো থাকতে হবে যে তিনি আমার ঘরে ঢুকছেন! আমার সরকারি আধকারিক যাঁরা, তাঁদের টপকে আসতে হতো। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হোক তাহলে। আমার তো তেমন কিছু মনে পড়ছে না! আমি জীবনে কখনও দেখিইনি ওঁকে। শুনলাম বাংলা অ্যাকাডেমিতে নাকি অস্থায়ী কর্মী ছিলেন। বাংলা অ্যাকাডেমির প্রাক্তন এক আধিকারিক, যিনি প্রাক্তন সচিব, তাঁকে ফোন করলাম। উনি বললেন, ‘বুঝতেই পারছেন কী হচ্ছে। এত জন আধিকারিককে জড়িয়ে…’। এটা শুধুমাত্র হাস্যকর মনে হয় না আমার, এটা একধরনের সামাজিক চক্রান্ত, ফাঁসানোর চক্রান্ত যে পুরুষ মানেই কুপ্রস্তাব দিয়ে থাকে।” তিনি আরও বলেন যে, “আমি যদি উল্টোটা বলি! ধরুন সত্যিই দেখা হয়েছে। আসলে উনি আমাকে কুপ্রস্তাব দিয়েছেন, আমি তাতে রাজি হইনি! তাই এখন ক্ষেপে গিয়ে বলছেন!”