কলকাতা: গ্রামে রাজনৈতিক পালাবদল হয়েছে। লউকি বা লাউ নয়, দেওয়ালে দেওয়ালে এখন প্রেশার কুকারের ছবি। হবে নাই বা কেন। গ্রাম পঞ্চায়েতের মসনদে যে এখন ভূষণ-ক্রান্তি দেবীর দল। যাদের প্রতীক প্রেশার কুকার। আর ক্ষমতায় এসেই সচিব ও সহকারী সচিবকে নাকানিচোবানি খাইয়ে  ছাড়ছে বনরাক্ষস ও তাঁর স্ত্রী!

৩ ডিসেম্বর অ্যামাজন প্রাইমে আসছে জনপ্রিয় ওয়েব সিরিজ পঞ্চায়েতের সিজন ফাইভ। যে সিরিজের জন্য হা পিত্যেশ করে বসেছিলেন সিনেপ্রেমীরা। ২৩ নভেম্বর, সোমবার ট্রেলার লঞ্চ হল। আর প্রথম দিনই হিট। ট্রেলারে ইঙ্গিত পাওয়া গেল, কোন দিকে মোড় নিচ্ছে পঞ্চায়েতের গল্প। কী থাকছে সিজন ফাইভে?

পঞ্চায়েত ফোর শেষ হয়েছিল ফুলেরা গ্রাম পঞ্চায়েতে রাজনৈতিক পালাবদল দিয়ে। গ্রামের প্রধান এখন ক্রান্তি দেবী। ট্রেলারে দেখানো হয়েছে, রাজনৈতিক পালাবদল হলেও প্রাক্তন প্রধান ব্রিজভূষণ দুবের সঙ্গেই রয়েছেন প্রাক্তন উপপ্রধান প্রহ্লাদ, সচিব আর সহসচিব বিকাশ। নির্বাচনে পরাজয়ের পর তাঁকে মানসিকভাবে উৎসাহ দিচ্ছেন প্রহ্লাদ-সচিব-বিকাশরা।

তবে ক্ষমতা দখলের পর ভূষণ তাঁর কেরামতি দেখাতে শুরু করেছেন। পঞ্চায়েত অফিসে সচিব ও সহসচিবকে হেনস্থা করার কোনও রাস্তাই ছাড়ছেন না বনরাক্ষস ও তাঁর স্ত্রী ক্রান্তি দেবী। তাঁদের দিয়ে সিলিং ফ্যান পরিষ্কার করানো, জঞ্জাল সাফাই – সবই করাচ্ছেন ভূষণ ও ক্রান্তি দেবী।

তারই মাঝে সচিবের ভূমিকায় অভিনয় করা জিতেন্দ্র কুমার ও ‘রিঙ্কি’ সানভিকার প্রেমও আরও জমাট বেঁধেছে। ইন্টারভিউয়ের জন্য সচিবের শার্ট কিনে দেওয়া থেকে শুরু করে মা মঞ্জু দেবীকে লুকিয়ে দোল খেলা, রিঙ্কি সাবলীল।

যদিও রয়েছে কহানি মে ট্যুইস্টও। সচিব ও রিঙ্কির প্রেমকাহিনি জানাজানি হয়ে যাচ্ছে। কীভাবে? তার ঝলকও রয়েছে ট্রেলারে। আর সেই সম্পর্কের কথা ফাঁস হতেই নাটক। একটা দৃশ্যে দেখা গিয়েছে ব্রিজভূষণ কষিয়ে চড় মারছেন সচিবকে! কিন্তু কেন? এর আগে ব্রিজভূষণ তো সচিবকে জামাই করার স্বপ্ন দেখেছিলেন। কেন এই মতবদল? জানা যাবে সিজন ফাইভে।

ট্রেলারের শেষভাগে দেখানো হয়েছে, প্রাক্তন প্রধানের কাছে রিঙ্কিকে বিয়ে করার প্রস্তাব দেওয়ার রেওয়াজ করছেন সচিব। কারা তাঁকে রিহার্সাল করাচ্ছেন? প্রহ্লাদ ও সস্ত্রীক বিকাশ। যে প্রহ্লাদ ও বিকাশ এক সময় সচিব ও রিঙ্কির সম্পর্ক থাকতে পারে ভেবেও শিউরে উঠেছিলেন।

বিখ্যাত সেই জলের ট্যাঙ্ক, পঞ্চায়েত অফিস, দুবেজির বাড়ির দাওয়ায় বসে আড্ডা, সবই রয়েছে। তবে প্রাক্তন বিধায়ককে দেখা যায়নি। সাংসদের এক ঝলক রয়েছে। প্রহ্লাদকে বিধানসভা নির্বাচনে দাঁড়ানোর প্রস্তাবের কী হল? প্রাক্তন বিধায়ক কেন আড়ালে? ট্রেলারে ইঙ্গিত নেই। অপেক্ষা ৩ ডিসেম্বরের।

আরও পড়ুন: ওজন কমিয়েছেন ২০ কেজি! রিটেন করেছে চেন্নাই সুপার কিংস, কোন মন্ত্রে এই অবিশ্বাস্য ভোলবদল?





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *