উপকূল পেরিয়ে স্থলভাগে ঢুকে পড়েছে ঘূর্ণিঝড় ‘আকভান’। সমুদ্রেই শক্তি হারিয়ে দুর্বল হলেও ‘আকভান’-এর প্রভাবে হল প্রবল বৃষ্টি। শুক্রবার সকাল সাড়ে ৭টা থেকে সাড়ে ৮টার মধ্য়ে গোপালপুরের কাছাকাছি ঘূর্ণিঝড়ের ল্য়ান্ড ফল হয়। ল্যান্ডফল প্রক্রিয়া শেষে, শক্তি হারিয়ে, ‘আকভান’ পরিণত হয়েছে গভীর নিম্নচাপে। বর্তমানে ওড়িশায় অবস্থান করলেও, ক্রমে তা উত্তর-উত্তর-পূর্ব দিকে যাচ্ছে। ক্রমশ শক্তি হারিয়ে পরিণত হচ্ছে নিম্নচাপে। কিন্তু পশ্চিমবঙ্গের আকাশে এখনও বর্ষণের মেঘ। টানা চলছে ধারাপাত। কলকাতায় আগামী ১২ ঘণ্টার জন্য অ্যাডভাইজরি জারি করা হয়েছে।  কলকাতা পুরসভায় কন্ট্রোল রুম খোলা হয়েছে। আকভানের প্রভাবে, কলকাতা থেকে ভুবনেশ্বর, ৩টি যাওয়ার ও ৩টি আসার বিমান বাতিল করেছে ইন্ডিগো। 

আবহাওয়া দফতর শুক্রবার দুপুরে সর্বশেষ বুলেটিনে জানিয়েছে, আগামীকাল বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই কমে যাবে। কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গের সব জেলাতেই শুক্রবার আরও কয়েকঘণ্টা বৃষ্টি চলবে। কলকাতায় আগামীকাল সকাল পর্যন্ত মাঝেমধ্যেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বেশি বৃষ্টি ও দুর্যোগ চলছে উপকূল এলাকায়। তাই মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। তবে কাল থেকে উপকূলেও বৃষ্টিপাতের পরিমাণ কমবে। পরশু, অর্থাৎ ২২ নভেম্বর থেকে ২৩ নভেম্বর আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। তবে ২৪ নভেম্বর থেকে একেবারে শুষ্ক আবহাওয়া থাকবে। 

বৃষ্টির কারণে, শুক্রবার সকালে, কলকাতার বিভিন্ন জায়গায় জল জমে যায়। জলমগ্ন হয়ে পড়ে, হাওড়ার সালকিয়া, বেলগাছিয়া, টিকিয়াপাড়া, ঘুসুড়িসহ বেশ কিছু এলাকার রাস্তাঘাট।  হাওড়া স্টেশন সংলগ্ন হাওড়া ফেরিঘাটেও এদিন যাত্রীসংখ্য়া ছিল চোখে পড়ার মতো কম।   

আকভানের প্রভাব সবথেকে বেশি পড়েছে ওড়িশায়। ঘূর্ণিঝড়ের মোকাবিলায় বিপজ্জনক এলাকা থেকে ৩ লক্ষেরও বেশি মানুষকে সরানো হয়েছে নিরাপদ স্থানে। ৪২৩টি উদ্ধারকারী দল মোতায়েন করা হয়েছে। সম্ভাব্য ক্ষতিগ্রস্ত জেলাগুলিতে তৈরি রাখা হয়েছে ৯ হাজারেরও বেশি সাইক্লোন শেল্টার। ঘূর্ণিঝড়ের সতর্কতায় পুরী, গোপালপুর, সাতপাড়া ও চিলিকা-সহ উপকূলীয় এলাকায় পর্যটকদের যাতায়াত নিষিদ্ধ করা হয়েছে। মৎস্যজীবীদেরও সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।  

শনিবার, ২১ নভেম্বর পর্যন্ত বন্ধ রাখা হয়েছে গুন্ডিচা মন্দির। অন্যদিকে, আবহাওয়া সংক্রান্ত সতর্কতা মেনে দর্শনের আবেদন জানিয়েছে পুরীর জগন্নাথ মন্দির কর্তৃপক্ষ। তবে নিয়ম মেনে নিত্যপুজো চলছে। আচার-অনুষ্ঠান চলছে মন্দিরে। তবে দর্শনার্থীদের ভিড় কম। শুক্রবার বন্ধ থাকবে ভুবনেশ্বরের নন্দনকানন চিড়িয়াখানা ও সংলগ্ন বোটানিক্যাল গার্ডেন। শনিবার পর্যন্ত মোট তিন দিন বন্ধ রাখা হয়েছে ভিতরকণিকা জাতীয় উদ্যান। আজ ও আগামীকাল পর্যন্ত পর্যটকদের জন্য বন্ধ থাকবে ময়ূরভঞ্জের সিমলিপাল ব্যাঘ্র প্রকল্প। 

 

 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *