সৌভিক মজুমদার, কলকাতা : বিধানসভা ভোটের প্রচারে একাধিকবার ডিজে-হুঁশিয়ারি দিতে শোনা গেছিল অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়কে। যা নিয়ে সমালোচনার ঝ়ড় ওঠে। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে প্রচারে গিয়ে বারবার DJ বাজানোর কথা শোনা গিয়েছিল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখে। সেই মন্তব্য ঘিরেই দায়ের হয়েছিল মামলা। অভিষেকের বিরুদ্ধে উস্কানিমূলক ভাষণ, হুমকি এবং শান্তি বিঘ্নিত করার অভিযোগ তুলে বাগুইআটি থানায় অভিযোগ দায়ের করেন রাজীব সরকার নামে এক ব্যক্তি। সেই মামলায় কলকাতা হাইকোর্টে রক্ষাকবচের মেয়াদ বাড়ানোর আবেদন করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার ছিল সেই মামলার শুনানি। আর শুনানিতে অভিষেকের মন্তব্য নিয়ে একাধিক তাৎপর্যপূর্ণ পর্যবেক্ষণ করলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। আগামী ২৯ জানুয়ারি পর্যন্ত অভিষেকের রক্ষাকবচের মেয়াদ বাড়াল আদালত।

অভিষেকের মন্তব্য নিয়ে কী বলল আদালত?

শুনানিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য নিয়ে যথেষ্ট অসন্তোষ প্রকাশ করেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। তাঁর পর্যবেক্ষণ, এই ধরনের মন্তব্য দুর্ভাগ্যজনক এবং যন্ত্রণাদায়ক। একজন সাংসদ তথা আইন প্রণেতা যদি এই ধরনের মন্তব্য করেন, তাহলে সাধারণ মানুষের কাছে কী বার্তা যায়? তাঁর অনুগামীরাই বা কী বার্তা পান? সেই প্রশ্নও তোলেন বিচারপতি। বিচারপতির আরও পর্যবেক্ষণ, এই ধরনের মন্তব্য খুব সহজেই এড়ানো যেত। এমন মন্তব্য অনভিপ্রেত। কেন বারবার এই ধরনের মন্তব্য করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। অযথা সমস্যা বাড়ানো হচ্ছে বলেও মন্তব্য করেন বিচারপতি সৌগত ভট্টাচার্য।

আদালত নিয়ে মন্তব্যে অসন্তোষ বিচারপতির

শুনানি চলাকালীন অভিষেকের আইনজীবীকে  বিচারপতি  বলেন, ‘ সংবাদপত্র পড়েন না? আপনার মক্কেল আদালত সম্পর্কে প্রতিদিন কী মন্তব্য করছেন, তা কি জানেন না? আগেও করেছেন, এখনও করছেন। ‘ বিচারপতির বক্তব্য, কোনও রায় পছন্দ না হলে উচ্চতর আদালতে যাওয়ার সুযোগ রয়েছে। কিন্তু সেই কারণে আদালত সম্পর্কে এই ধরনের মন্তব্য কেন করা হবে, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। 

অন্যদিকে, রাজ্যের তরফে সওয়াল করতে গিয়ে বলা হয়, অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রায় প্রতিদিনই আদালত সম্পর্কে বিরূপ মন্তব্য করছেন। এমনকী, অশিক্ষার কারণেও কেউ আদালতকে আক্রমণ করতে পারেন না বলে সওয়াল করে রাজ্য। রাজ্যের আরও অভিযোগ, গতকাল সুমিত রায় সংক্রান্ত মামলায় বিচারপতি নির্দেশ দেওয়ার পরই সমাজমাধ্যমে আদালতকে আক্রমণ করা হয়েছে। এখানেই তদন্তের অগ্রগতি নিয়ে প্রশ্ন তোলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। তদন্ত কতদূর এগিয়েছে, তা জানতে চান তিনি। জবাবে রাজ্যের তরফে জানানো হয়, অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁর কণ্ঠস্বরের নমুনা দিয়েছেন এবং সেই কণ্ঠস্বরের সঙ্গে নমুনা মিলেও গিয়েছে। তদন্তের অগ্রগতি নিয়ে বিস্তারিত জানতে চাওয়ার পর বিচারপতি তদন্ত শেষ করে চার্জশিট জমা দেওয়ার কথা বলেন।  আগামী ২৯ জানুয়ারি পর্যন্ত তাঁর রক্ষাকবচের মেয়াদ বাড়াল কলকাতা হাইকোর্ট।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *