পার্থপ্রতিম ঘোষ। ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম: বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব করল পুলিশ। আগামীকাল দুপুর ২টোয়, হাজিরার জন্য সিউড়ির সুভাষপল্লির বাড়িতে নোটিস দেওয়া হয়েছে তাঁকে। গত বছরের নভেম্বরে রাজারহাটে একটি গাড়ি থেকে ৫ কোটি টাকা উদ্ধার হয়। সেই মামলাতেই জিজ্ঞাসাবাদের জন্য ভবানীভবনের SOG বিভাগে টুলু মণ্ডলকে তলব করা হয়েছে।
আরও পড়ুন, শামিম আহমেদের খোঁজে পুলিশ, গ্রেফতার বিধায়কের শাগরেদ
সুপ্রিম কোর্টের গুঁতোয়, দেশে ফিরতেই নাজিবুদ্দিন ওরফে টুলু মণ্ডলকে তলব করল ভবানীভবন। শুক্রবার দুপুর ২টোয় SOG সেকশনে তলব করা হয়েছে তাঁকে। বীরভূমের সুভাষপল্লির দালিলা ভবনের বাড়িতে দেওয়া হয়েছে নোটিস। ২০২৫-এর ১৬ নভেম্বর। রাজারহাটে একটি গাড়ি থেকে ৫ কোটি টাকা উদ্ধার হয়। গ্রেফতার করা হয়েছিল ইমরান খান এবং আক্রাম খান নামে বীরভূমের ২ বাসিন্দাকে। সূত্রের খবর, তদন্তে পুলিশ জানতে পারে গাড়িটা বীরভূম থেকে আসছিল। গোয়েন্দাদের অনুমান, সবটাই পাথরখাদানের টাকা। মামলার তদন্তভার হাতে নেয় CID. যার পর থেকেই এই মামলায় CID-র আধিকারিকেরদের স্ক্য়ানারে ছিল টুলু মণ্ডলের ভূমিকা। সেই মামলাতেই তলব করা হয়েছে তাঁকে।
বিজেপি বিধায়ক ও পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, টুলু মণ্ডল কোটি কোটি টাকা নয়ছয় করেছে সাধারণ মানুষের চুরি করেছে। সুতরাং বিচার হবে। উনি (টুলু মণ্ডল) আদালতে গেলেও যে ছাড় পেয়ে যাবেন, সেটা এই সময় আর হবে না। এটা বুদ্ধিমানের কাজ হবে যদি উনি (টুলু মণ্ডল) সব কিছু বলে দেন যে উনি (টুলু মণ্ডল) কী কী করেছেন, তাহলে অন্তত হয়তো কিছুটা সুরক্ষা (প্রোটেকশন) উনি পেতে পারেন।সূত্রের খবর, উদ্ধার হওয়া এই বিপুল পরিমাণ টাকার প্রকৃত উৎস কী ? সবটাই খতিয়ে দেখতে টুলু মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করতে চান তদন্তকারীরা। CID-র তলবে কি হাজিরা দেবেন টুলু ? সেদিকেই নজর সবার।