তোর্ষা ভট্টাচার্য্য, কলকাতা: যেখানে বাংলা ছবির শ্যুটিং ১৫-১৬ দিনে শেষ করে ফেলার রীতি তৈরি হয়েছে। সেখানে এই সিনেমার শ্যুটিংই চলেছে প্রায় দেড় বছর ধরে। বড়পর্দায় প্রথমবার মুখ্যচরিত্রে, সঙ্গে রয়েছে আরও একাধিক গুরুদায়িত্বও। দীর্ঘদিন ধরে এই ছবি মুক্তির অপেক্ষায় দিন গুনেছেন তিনি। অবশেষে রাত পোহালেই ছবির মুক্তি। ২৫ বছর পরে, ফের বোলপুরে নতুন কোনও ছবির প্রিমিয়ার হচ্ছে। সেখানেই যেতে যেতেই, মোবাইল ফোনে ‘সাধক বামাক্ষ্যাপা’-র সফর ফিরে দেখলেন, সব্যসাচী চৌধুরী (Sabyasachi Chowdhury)।
ট্রেলার মুক্তির দিন কেন আবেগপ্রবণ সব্যসাচী?
ট্রেলার মুক্তির দিন চোখে জল ছিল সব্যসাচীর.. বিশেষ কারণ? প্রশ্ন শুনে হালকা হেসে সব্যসাচী বললেন, ‘আসলে এই সিনেমা তৈরির সফরটা সহজ ছিল না একেবারেই। শুরুর দিকে জানতামই না যে, সিনেমাটা হবে কি না। অনেক কাজ ছেড়ে দিয়েছি, বাড়িতে বসে থেকেছি। হয়তো ৬ মাস পরে আবার জানতে পেরেছি, সিনেমাটা হচ্ছে। শ্যুটিং শুরু হওয়ার পরেও বাধা এসেছে বারে বারে। দুর্যোগ হয়েছে, সেট নষ্ট হয়েছে। আবার নতুন করে সেট তৈরি করতে হয়েছে। শ্যুটিং বাতিল হয়েছে। যে ছবিটা ৬ মাসে শেষ করার কথা ছিল, সেটাই শেষ করতে সময় লেগে গেল দেড় বছর লেগে গেল ছবির কাজটা শেষ করতে। ২০২৪ সালের অগাস্টে প্রথম আমায় SVF-এর তরফ থেকে সৌম্যব্রত রক্ষিত আমায় ফোন করেছিলেন। তারপরে আজ মানুষ প্রথমবার ছবিটা দেখবেন। ছবিটার সঙ্গে ২ বছর ধরে নানাভাবে জড়িত আমি। প্রত্যেকটা শট, প্রত্যেকটা লাইন মুখস্থ হয়ে গিয়েছে। ভীষণ আবেগ জড়িয়ে গিয়েছে ছবিটার সঙ্গে। ট্রেলার লঞ্চের দিন সব যেন ফ্ল্যাশের মতো চোখের সামনে ভেসে উঠল যে আমরা কী কী পেরিয়ে এসেছি। হয়তো তাই…’
দীর্ঘ সময় ধরে শ্যুটিং, সব্যসাচীকে সাহায্য করেছে নাকি তৈরি করেছে নতুন চ্যালেঞ্জ?
প্রায় ২ বছর ধরে বামদেবের মতো চরিত্রে অভিনয় করা, তার মধ্যে বারে বারে বাধা.. ‘সাধক বামাক্ষ্যাপা’ ছবির শ্যুটিং দীর্ঘায়িত হওয়ায় আদপে সুবিধা নাকি অসুবিধা হয়েছে সব্যসাচীর? অভিনেতা বলছেন, ‘কঠিন তো বটেই। অভিনয়ের দিক থেকে বেশি সময় পেয়েছি বলে সাহায্য হয়েছে, এটা বলা যেতে পারে। কিন্তু দেড় বছর ধরে একটা একটা চরিত্রকে যাপন করাটা সহজ ছিল না। প্রায় সাড়ে পাঁচ মাস ধরে শ্যুটিং চলেছে। কখনও লোকেশন পাওয়া যায়নি তো কখনও অন্য কোনও সমস্যার মুখে পড়েছি আমরা। বামদেবের চরিত্রে অভিনয়ের জন্য ওজন বাড়িয়েছিলাম, চুল-দাড়ি বাড়িয়েছিলাম। সেটা এতদিন ধরে বজায় রাখা সহজ কাজ ছিল না একেবারেই। দীর্ঘ অপেক্ষা, তারপরে ৩ দিনের শ্যুটিং.. তখন আবার একইভাবে পারফর্ম করা.. গোটাটাই চ্যালেঞ্জিং। কিন্তু ছবিটা যখন মানুষ দেখতে বসবেন, হয়তো মনে হবে এই ট্রান্সফরমেশনটা ভালই হয়েছে।’
আরও পড়ুন: Gourab Chatterjee: উত্তমকুমারের পরিবারের অংশ হওয়ায় একটা বাড়তি দায়িত্ব নিয়ে চলেছি চিরকাল: গৌরব