তোর্ষা ভট্টাচার্য্য, কলকাতা: দীর্ঘদিন ধরে টলিউডে কাজ করে নিজের জায়গা তৈরি করেছেন তিনি। তবে তাঁর নাম জড়িয়েছে, এক কিংবদন্তির সঙ্গে। উত্তমকুমার (Uttam Kumar)। বাংলা ছবির ইতিহাস আজও যাঁকে মহানায়ক হিসেবে মেনে চলে, সেই উত্তমকুমারেরই পরিবার তিনি। গৌরব চট্টোপাধ্যায় (Gourab Chatterjee)। অভিনেতা পরিচয়ের পাশাপাশি আরও একটি পরিচয় রয়েছে তাঁর। উত্তমকুমারের দ্রৌহিত্র তিনি। সামনেই মুক্তি পাচ্ছে, গৌরব চট্টোপাধ্যায়ের অভিনীত ওয়েব সিরিজ, ‘মাঙ্গলিক’। তাঁর বিপরীতে অভিনয় করতে দেখা যাবে, সৌমিতৃষা কুণ্ডু (Soumitrisha Kundoo)-কে। নভেম্বর মাসের ২০ তারিখেই ‘হইচই’ এবং নেটফ্লিক্সে মুক্তি পাবে এই ওয়েব সিরিজটি। আর এই সিরিজের প্রচারেই, নিজের জীবনের কিছু কিছু অনুভূতির কথা শোনালেন, গৌরব চট্টোপাধ্যায়। 

কিংবদন্তি পরিবারের অংশ হওয়ায় বাড়তি দায়িত্ব?

কিংবদন্তি পরিবারের ছেলে গৌরব, চিরকালই কি এই পরিচয় বাড়তি দায়িত্ব হয়ে থেকেছে তাঁর কাছে? গৌরব বলছেন, ‘খুব ছোটবেলা থেকেই বাবা মাথায় একটা কথা ঢুকিয়ে দিয়েছিলেন। আমরা যা কাজ করব, যা পদক্ষেপ নেব, তাতে যদি কোনও বিচ্যুতি হয়, তাহলে কালিটা শুধু আমার গায়ে লাগবে না। লাগবে ওই কিংবদন্তি মানুষটার গায়েও। ছোটবেলা থেকে এই বিষয়টাই সবসময় মাথায় থাকত। তবে আমরাও মানুষ, ভুল তো হতেই পারে। রাস্তাঘাটেও তো মেজাজ হারানোর মতো অনেক কিছু ঘটে। তবে এটা শুধু আমার নয়, প্রত্যেক অভিনেতা অভিনেত্রী, যাঁরা ক্যামেরার সামনে বা মঞ্চে আসেন.. তাঁদের কমবেশি এই দায়িত্বটা থেকেই যায়। তবে উত্তমকুমারের ঐতিহ্যকে বয়ে নিয়ে চলা সহজ নয়, তাই আমাদের হয়তো একটু বাড়তি সতর্ক হয়ে চলতে হয়।’

সিরিজের চরিত্রের সঙ্গে নিজের মিল পেয়েছেন গৌরব?

‘মাঙ্গলিক’-এ নিজের চরিত্র সিদ্ধার্থর সঙ্গে কেন নিজের মিল পেয়েছেন গৌরব? অভিনেতা বলছেন, ‘পর্দায় সিদ্ধার্থ চিকিৎসক। কোনও কুসংস্কার সে মানে না। কিন্তু ২ স্ত্রীয়ের মারা যাওয়ার পরে, সেও যেন কোথাও না কোথাও বিশ্বাস করতে শুরু করে যে সে অপয়া। এই দুর্বল মুহূর্তে না চাইতেও যেন বিশ্বাস করে ফেলে। আমি নিজে কোনও সংস্কার মানি না। কিন্তু ছোট থেকেই শুনে আসছি, নখ কেটে স্নান করতে নেই, জন্মবারে চুল বা নখ কাটতে নেই… অনেক সময় হয়তো দরকার পড়লে সেটা আমাকেও করতে হয়। কিন্তু ওই কথাটা একবার হলেও মাথায় আসে। এটাকে ঠিক বিশ্বাস বলব না, এটা হয়তো সমাজ এবং পারিপার্শ্বিক পরিস্থিতির প্রভাব।’

আরও পড়ুন: Soumitrisha Kundu: ‘বাইক দুর্ঘটনা, মাথায় স্টিচ করতে হয়েছিল ছেলেটির..’, কোন ঘটনা আজও ভুলতে পারেননি সৌমিতৃষা?

 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *