পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: আজ জগদ্ধাত্রী পুজোর অষ্টমী, পাশাপাশি কার্তিক পুজোও বটে। তবে ধুমধাম করে চারিদিকে যখন জগদ্ধাত্রী, কার্তিক ঠাকুরের আরাধনা চলছে, তখন বাঁকুড়ার রতনপুর গ্রামে আয়োজিত হয়  নারদ উৎসব। বেকারদের কর্মসংস্থানের বার্তা নারদমুনি পৌঁছে দেবেন  দেবতাদের কাছে এই বিশ্বাস রয়েছে বাঁকুড়ার রতনপুর গ্রামের মানুষের।

বাঁকুড়ার রতনপুর গ্রামে দেবর্ষি নারদের আরাধনাতে মেতে উঠেন গ্রামের মানুষ। এক দশকের বেশি সময় ধরে এই গ্রামে পুজিত হন দেবর্ষি নারদ। দেবর্ষি নারদ দেবতাদের বার্তাবাহক হিসাবেই পরিচিত। দেবলোকে সব দেবদেবীর সাথে যোগাযোগ রয়েছে নারদমুনির। তাই নারদমুনির কাছে কিছু চাইলে তা তিনি দেবতাদের কাছে পাঠিয়ে তা পূরন করবেন, এমনটাই বিশ্বাস করেন রতনপুর গ্রামের মানুষজন। তাঁদের বিশ্বাস পুজো পাঠের মধ্য দিয়ে বেকারদের চাকরির প্রার্থনা নারদমুনি পৌঁছে দেবেন দেবতাদের কাছে।

অবশ্য শুধু শুধু চাকরি নয়, গ্রামের মানুষকে ভালো রাখা, সুখে শান্তিতে রাখার প্রার্থনাও নারদমুনির কাছে করলে তা ভক্তদের সন্তুষ্ট করতে বার্তাবাহকের ভূমিকা পালন করে দেবতাদের কাছে পৌঁছে দেন তিনি, এমনটাই বিশ্বাস করেন এই গ্রামের মানুষ। রতনপুরের মানুষ এই বিশ্বাস থেকে ২০১৪ সালে গ্রামে নারদ মুনির পুজো শুরু করে। পাঁচ দিনে ধরে চলে এই পুজো। এক দশক পেরিয়ে যাওয়া এই পুজোর পাঁচদিন কিন্তু আজও জমে উঠে রতনপুর গ্রাম।

অপরদিকে, হাওড়ার শিবপুরের ব্যাতাইতলা পল্লীবাসী বৃন্দের জগদ্ধাত্রী পুজো গত ৩৫ বছর ধরে দুর্গাপুজোর আদলেই চার দিন ধরে মহাসমারোহে আয়োজিত হয়। জগদ্ধাত্রী আরাধনায় ষষ্ঠী থেকে নবমী, প্রতিটি দিনই নানা ধর্মীয় আচার-অনুষ্ঠান ও ভক্তির আবহে মুখর থাকে গোটা এলাকা। এই পুজোর অন্যতম বিশেষ আকর্ষণ মহা নবমীর কুমারী পুজো। এখানে কুমারীকে পালকিতে করে মণ্ডপে নিয়ে আসা হয়। এরপর দেবীজ্ঞানে চলে তাঁর পুজো। কুমারী রূপে মা জগদ্ধাত্রীর আশীর্বাদ পেতে দূরদূরান্ত থেকে ছুটে আসেন অসংখ্য ভক্ত।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *