কলকাতা: ক্রমশ এগোচ্ছে ঘূর্ণিঝড় আকভান। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে প্রবল বর্ষণের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ইতিমধ্য়েই বজ্রবিদ্যুৎ সহ বর্ষণের সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়।
আরও পড়ুন, নোটিস ধরাতে মমতার বাড়িতে দমকলবাহিনী
দিল্লির মৌসম ভবন জানিয়েছে, শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে আকভান। আগামী ১৯ তারিখ থেকেই তাণ্ডব শুরু করতে পারে এই শক্তিশালী আকভান বলে আশঙ্কা করা হচ্ছে। অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী এলাকায় ভারী বর্ষণের আশঙ্কা করা হচ্ছে। তেলেঙ্গানায় আগামী ২০ তারিখ প্রবল বর্ষণের আশঙ্কা রয়েছে। ঘূর্ণিঝড় আকভানের প্রভাব পড়বে পশ্চিমবঙ্গেও। ভারী বৃষ্টিপাতের আশঙ্কা করা হচ্ছে আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের জেলায় জেলায়।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণ বঙ্গোপসাগরের মধ্যভাগ ও সংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের উপর অবস্থানরত ঘূর্ণিঝড় আকভান, গত ৬ ঘণ্টায় ধীরগতিতে উত্তর পশ্চিম দিকে ঘণ্টায় ৩ কিমি বেগে অগ্রসর হয়েছে। এবং এদিন ১৭ নভেম্বর সকাল সাড়ে ৮ টায়, ১২.২ ডিগ্রি অক্ষাংশ ও ৮৫.৭ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে অবস্থান করছে। এটি চেন্নাই থেকে প্রায় ৬১০ কিমি পূর্বে, ত্রিঙ্কোমালি (শ্রীলঙ্কা) থেকে ৬৩০ কিমি উত্তর-পূর্বে, মছলিপত্তনম (অন্ধ্রপ্রদেশ) থেকে ৬৬০ দক্ষিণ পূর্বে, বিশাখাপত্তনম থেকে, ৬৭০ কিমি দক্ষিণ পূর্বে এবং গোপালপুর (ওড়িশা) থেকে ৭৯০ কিমি দক্ষিণে অবস্থান করছে।
আইএমডি সূত্রে খবর, উত্তরবঙ্গের জেলাগুলির কয়েকটি স্থানে খুব হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। রাজ্যের বাকি অংশে আবহাওয়া শুষ্ক ছিল। হাওয়া অফিস জানিয়েছে, ১৮ ও ১৯ নভেম্বর দক্ষিণবঙ্গে একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। বৃষ্টি হতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, পূর্ব বর্ধমান, উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে। তবে ১৯ নভেম্বর ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে।