হাওড়া: দেবী দুর্গার এক সত্ত্বগুণময়ী ও কল্যাণময়ী রূপ মা জগদ্ধাত্রী। যিনি সমগ্র বিশ্বব্রহ্মাণ্ডকে ধারণ ও পালন করেন, তিনিই জগদ্ধাত্রী। ত্রিনয়না, চতুর্ভুজা ও সিংহবাহিনী দেবীর চার হাতে থাকে শঙ্খ, চক্র, ধনুক ও বাণ। তাঁর বাহন সিংহ যে হস্তী বা করীন্দ্রাসুরকে পদদলিত করে, তা অহংকার ও মত্ততার বিনাশের প্রতীক। শক্তি, জ্ঞান, সংযম ও শুভশক্তির প্রতীক এই দেবীর আরাধনাকে ঘিরেই প্রতি বছর উৎসবে মেতে ওঠে বাংলা।

হাওড়ার শিবপুরের ব্যাতাইতলা পল্লীবাসী বৃন্দের জগদ্ধাত্রী পুজো গত ৩৫ বছর ধরে এখানে দুর্গাপুজোর আদলেই চার দিন ধরে মহাসমারোহে আয়োজিত হয় জগদ্ধাত্রী আরাধনা। ষষ্ঠী থেকে নবমী, প্রতিটি দিনই নানা ধর্মীয় আচার-অনুষ্ঠান ও ভক্তির আবহে মুখর থাকে গোটা এলাকা। এই পুজোর অন্যতম বিশেষ আকর্ষণ মহা নবমীর কুমারী পুজো। এখানে কুমারীকে পালকিতে করে মণ্ডপে নিয়ে আসা হয়। এরপর দেবীজ্ঞানে চলে তাঁর পুজো। কুমারী রূপে মা জগদ্ধাত্রীর আশীর্বাদ পেতে দূরদূরান্ত থেকে ছুটে আসেন অসংখ্য ভক্ত।

অষ্টমী ও নবমীর সন্ধিক্ষণে অনুষ্ঠিত সন্ধিপুজোও এখানকার অন্যতম আকর্ষণ। ১০৮টি প্রদীপ জ্বালিয়ে এবং ১০৮টি পদ্ম নিবেদন করে নিষ্ঠার সঙ্গে সম্পন্ন হয় এই বিশেষ পুজো। দেবীর ভোগ ও অন্নভোগের আয়োজনেও থাকে বিশেষ যত্ন। নবমীর দিন হাজার হাজার মানুষের মধ্যে বিতরণ করা হয় মায়ের অন্নভোগ। পুজোকে কেন্দ্র করে বসে বিরাট মেলা। শুধু হাওড়া নয়, বিভিন্ন জেলা থেকেও দর্শনার্থীরা আসেন এই পুজোর টানে।

ব্যাতাইতলার এই পুজোর সবচেয়ে বড় বৈশিষ্ট্য বাহ্যিক জাঁকজমকের চেয়ে নিষ্ঠা ও ভক্তির উপর বেশি গুরুত্ব। তিন দশকেরও বেশি সময় ধরে এলাকার মানুষের আন্তরিকতা ও অংশগ্রহণেই এই পুজো হয়ে উঠেছে এক বিশেষ মিলনক্ষেত্র।                    

পৌরাণিক বিশ্বাস অনুযায়ী, অসুরদের পরাজয়ের পর দেবতাদের অহংকার চূর্ণ করতে ব্রহ্মময়ী উমা বা হৈমবতী রূপে আবির্ভূতা হয়েছিলেন দেবী। সেই আখ্যানের মধ্য দিয়ে জগদ্ধাত্রী পুজো অহংকারের বিনাশ এবং পরমশক্তির উপলব্ধির বার্তা দেয়। ভক্তদের বিশ্বাস, মা জগদ্ধাত্রীর আরাধনায় জীবনে আসে শান্তি, শক্তি ও কল্যাণ। অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে শুভের প্রতিষ্ঠাই তাঁর পুজোর মূল তাৎপর্য। আর সেই বিশ্বাস, নিষ্ঠা ও ঐতিহ্যকে সঙ্গী করেই প্রতি বছর শিবপুরের ব্যাতাইতলা পল্লীবাসী বৃন্দের জগদ্ধাত্রী পুজো হয়ে ওঠে এক প্রাণের উৎসব।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *