হিন্দোল দে, কলকাতা : বালিগঞ্জে বন্ধ অটো পরিষেবা। দুই সংগঠনের মধ্যে বিবাদের জেরে চরম উত্তেজনা ছড়ায়। যার জেরে বালিগঞ্জ – কসবা, বালিগঞ্জ – হাজরা, বালিগঞ্জ – জজ কোর্ট রুটে অটো বন্ধ রয়েছে। এই ঘটনায় অফিস টাইমে চরম ভোগান্তির মুখে পড়েন যাত্রীরা।
বালিগঞ্জ অটো স্ট্যান্ডে উভয়পক্ষের চালকরা একে অপরকে লক্ষ্য করে ‘চোর’ স্লোগান তুলতে থাকেন। বালিগঞ্জ থেকে যেসব রুটে অটো চলে অর্থাৎ বালিগঞ্জ – কসবা, বালিগঞ্জ – হাজরা, বালিগঞ্জ – জজ কোর্ট রুটে অটো বন্ধ রয়েছে। দুই সংগঠনের মধ্যে বিবাদের জেরে এই পরিস্থিতি বলে জানা যাচ্ছে। অভিযোগ, বহিরাগত অটো জোর করে এখানে ঢুকতে চাইছে। যদিও যাদের বহিরাগত অটো বলা হচ্ছে তাদের পাল্টা দাবি, রুট পারমিট রয়েছে। তাঁরা কেন চালাতে পারবেন না ?
এই আবহে এদিন দুই সংগঠনের মধ্যে গন্ডগোলের পরিস্থিতি তৈরি হয়। এই ঘটনার জেরে সমস্যায় পড়েন যাত্রীরা। এক নিত্যযাত্রী বলেন, “প্রতিদিন ঠিকঠাক থাকে। আজ কী সমস্যা হল বুঝতে পারছি না। এসে তো একটা জমায়েত দেখছি। এখন তো বন্ধ। অনেকটাই দেরিতে রান করছি। কোনও অটো যাচ্ছে না। বিকল্প কিছু ভাবতে হবে। একটু অপেক্ষা করছি। যদি ছাড়ে বাইচান্স।” যদিও এক অটো চালক বলেন, “এরা আমাদের জজ কোর্টের যাত্রী। রোজই নিয়ে যাই। কিন্তু, দীর্ঘদিন ধরে একই জিনিস হয়ে যাচ্ছে।”
গত জানুয়ারি মাসে অটো সমস্যা দেখা গিয়েছিলে টালিগঞ্জ ফাঁড়ি এলাকায়। অটো চালকদের সঙ্গে ব্যবসায়ীদের হাতাহাতি হয়। বিক্ষুব্ধ ব্যবসায়ীরা টালিগঞ্জ ফাঁড়ি এলাকায় অবরোধ করেছিলেন। এর জেরে টালিগঞ্জ-বেহালা রুটে বন্ধ হয়ে যায় অটো চলাচল। ফলে, দুর্ভোগে পড়েন যাত্রীরা। অটো চালকদের ইউনিয়ন অফিস সারাতে গেলে বাধা দেওয়ার অভিযোগ ওঠে স্থানীয় দুই ব্যবসায়ীর বিরুদ্ধে। চারু মার্কেট থানায় দু’পক্ষকে মিটমাটের জন্য ডাকা হলেও বৈঠক ব্যর্থ হয়। অভিযোগ ওঠে, দুই ব্যবসায়ীর সঙ্গে অটো চালকদের গন্ডগোল হয়। অটো চালকরা দাবি করেন, তাঁরা ইউনিয়ন অফিস সংস্কারের কাজ করছিলেন। সেটা করতে গেলে দুই ব্যবসায়ী শেড করে দিতে বলেন। যাতে তাঁরা রাজি হননি। তা নিয়েই গন্ডগোলের সূত্রপাত হয়েছিল। যার জেরে বন্ধ হয় অটো চলাচল। দুর্ভোগ পোহাতে হয় যাত্রীদের। প্রসঙ্গত, ২০২২ সালে অটো চালক ও হকারদের মধ্যে সংঘর্ষের ঘটনায় উত্তেজনা ছড়িয়েছিল। Kolkata Auto Services