দক্ষিণ ২৪ পরগনা: জেলাশাসকের নির্দেশে গতকাল দক্ষিণ ২৪ পরগনার ফলতার শ্রীরামপুরে, জাহাঙ্গির খানের বেআইনি বাড়ি ভাঙার কাজ শুরু করে প্রশাসন। গতকাল, বেলা ১টা থেকে শুরু করে সন্ধে ৬টা পর্যন্ত চলে বাড়ি ভাঙার কাজ। আজ সকাল ৯টার সময় ফের শুরু হল জাহাঙ্গিরের চার তলা (G+3) বাড়ি ভাঙার কাজ। অভিযোগ, প্রায় ৫ কাঠা সরকারি খাস জমির ওপর বেআইনিভাবে এই বাড়ি তৈরি করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুগামী বলে পরিচিত স্বঘোষিত ‘পুষ্পা’।
এই বাড়িটি খুবই অপরিসর জায়গায় তৈরি হয়েছিল। গতকাল একদল মিস্ত্রি হাতুড়ি, ভাইব্রেটর দিয়ে এই বাড়ি ভাঙার কাজ শুরু করে। জাহাঙ্গিরের এই ৩ তলা বাড়ির মূলত ছাদ থেকে ভাঙার কাজ শুরু হয়েছে। এই যে বাড়ি তৈরি করা হয়েছিল পঞ্চায়েত এলাকায়। আর কোনও পঞ্চায়েত এলাকায় চার তলা বাড়ি তৈরি করতে গেলে যে ধরনের অনুমতির প্রয়োজন হয়, সেই ধরনের কোনও অনুমতি ছিল না।
একই সঙ্গে জানা যাচ্ছে, যে জমিতে এই বাড়ি তৈরি হয়েছে, সেটা আসলে সরকারি খাস জমি। সেই সরকারি খাস জমিতে এই বাড়ি তৈরি করা হয়। পরবর্তীতে প্রশাসনের তরফ থেকে সেখানে একটা বোর্ড লাগিয়ে দেওয়া হয়। যদিও শুধু এই অভিযোগ রয়েছে এমন নয়। এই বাড়িটি ছিল জাহাঙ্গির খানের বাবার বাড়ি। যদিও সেটা খুবই ছোট একটা বাড়ি ছিল। পরবর্তীতে যখন জাহাঙ্গির খান যখন তৃণমূল নেতা হন বা জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ হন, তখন থেকে ধীরে ধীরে এই বাড়িটি আকার, আয়তনে বাড়তে থাকে। এ ছাড়াও জাহাঙ্গিরের বিরুদ্ধে অভিযোগ এই জমিটি তিনি দখল করেন।
সব মিলিয়ে প্রশাসনের কাছে অভিযোগ দায়ের করেন ফলতার বিজেপি নেতা বিধান পাড়ুই। সেই অভিযোগের ভিত্তিতে দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদ তদন্ত শুরু করে। সেই তদন্ত শুরু হওয়ার পর ভূমি ও ভূমি রাজস্ব দফতরের কর্মী ও আধিকারিকরা এখানে আসেন ও জমি মাপজোক ও জরিপ করেন। যদিও একাধিকবার এই জমি জরিপ হয়। এরপর মোট ৭ বার নোটিশ দেওয়া হয় জেলবন্দি জাহাঙ্গির খানকে।
আরও পড়ুন: ভাঙা হয়েছে অস্থায়ী কাঠামো, সরানো হয়েছে গেট, এবার ভেঙে ফেলা হল অভিষেকের বাড়ির সামনের পুলিশ বুথও
পরবর্তীতে নভেম্বরের ২ তারিখ দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের পক্ষ থেকে জাহাঙ্গির খানের এই বাড়ি ভাঙার নির্দেশ দেওয়া হয়। সেই নির্দেশ প্রশাসনের সব দফতরের কাছে পাঠিয়ে দেওয়া হয়। গতকাল থেকে ফলতার বিডিও সন্দীপ সিংহ রায়ের নেতৃত্বে এবং ফলতার IC-র উপস্থিতিতে এই বাড়ি ভাঙার কাজ শুরু হয়েছে। আজ সকাল ৯ টা থেকে আবারও ভাঙার কাজ শুরু হয়েছে। প্রশাসন সূত্রে খবর, আজ দিনভর এই বাড়ি ভাঙার কাজ চলবে।