তুহিন অধিকারী, বাঁকুড়া: মদ কেনার টাকা না দেওয়াকে কেন্দ্র করে পারিবারিক অশান্তি। আর তার জেরেই স্ত্রীকে ধারালো কাস্তে দিয়ে কুপিয়ে খুন করার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার ইন্দাস ব্লকের মঙ্গলপুর গ্রাম পঞ্চায়েতের বেতালগ্রামে। ঘটনায় অভিযুক্ত স্বামী তারক রায়কে গ্রেফতার করেছে ইন্দাস থানার পুলিশ। মৃত গৃহবধূর নাম মনি রায় (৪০)।

আরও পড়ুন: ভাঙা হয়েছে অস্থায়ী কাঠামো, সরানো হয়েছে গেট, এবার ভেঙে ফেলা হল অভিষেকের বাড়ির সামনের পুলিশ বুথও

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গিয়েছে, বেতালগ্রামের বাসিন্দা তারক রায় প্রায় প্রতিদিনই মদ্যপ অবস্থায় বাড়ি ফিরে স্ত্রীর সঙ্গে অশান্তি করতেন বলে অভিযোগ। এর আগেও একাধিকবার মনি রায়কে মারধর করার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে।

অভিযোগ, গতকাল সন্ধ্যায় মদ কেনার জন্য স্ত্রীর কাছে টাকা চান তারক। কিন্তু মনি টাকা দিতে অস্বীকার করায় দু’জনের মধ্যে বচসা শুরু হয়। কিছুক্ষণের মধ্যেই সেই বচসা চরমে ওঠে। এরপর বাড়িতে থাকা একটি ধারালো কাস্তে দিয়ে স্ত্রীর বুকে আঘাত করেন বলে অভিযোগ স্বামীর বিরুদ্ধে। গুরুতর জখম অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন মনি। তাঁর চিৎকার শুনে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। তড়িঘড়ি তাঁকে ইন্দাস ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

আরও পড়ুন: ২৫ টি প্রিলিমস ও ২০ বারের বেশি মেনস পরীক্ষায় ব্যর্থ, ৯ বছরের লড়াই শেষে এবার সরকারি আধিকারিক মহারাষ্ট্রের প্রাজক্তা

ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় ইন্দাস থানার পুলিশ। অভিযুক্ত তারক রায়কে প্রথমে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তাঁকে গ্রেফতার করা হয়। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এই ঘটনায় গোটা বেতালগ্রাম এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পারিবারিক অশান্তির জেরে এমন মর্মান্তিক ঘটনায় স্তম্ভিত স্থানীয় বাসিন্দারা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *