কলকাতা: ভাইফোঁট এলেই তিলধারণের জায়গা থাকত না। মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে ভিড় উপচে পড়ত। কিন্তু রাজ্যে আর ক্ষমতায় নেই তৃণমূল। দলও ভেঙে খান খান হয়ে গিয়েছে। এমন পরিস্থিতিতে এবার আর ভাইফোঁটার আয়োজন করেননি তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরিস্থিতি এমন যে ভাই বাবুন বন্দ্যোপাধ্যায় পর্যন্ত ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরে ভাইফোঁটা নিতে হাজির হয়েছেন। আগামী দিনে বিজেপি-তে যাওয়ার ইঙ্গিতও দিয়েছেন তিনি। আর সেই নিয়েই এবার মমতাকে কটাক্ষ করলেন কামারহাটির বিধায়ক, ঋতব্রত-তৃণমূলের সদস্য মদন মিত্র। (Madan Mitra)
বুধবার ঋতব্রত-শিবিরে ভাইফোঁটার আয়োজন হয়। সেখানে ঋতব্রত, বাবুন, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, অরূপ রায়, শান্তনু সেনের সঙ্গে উপস্থিত ছিলেন মদনও। চন্দ্রিমার কাছ থেকে ভাইফোটা নেন তিনি। আর ফোঁটা নিতে বসেই মমতাকে কটাক্ষ করেন। মদনের দাবি, তিনি কখনও মমতার বাড়িতে ফোঁটা নিতে যাননি এবারই প্রথম রাজনৈতিক ভাবে ফোঁটা নিচ্ছেন। (TMC News)
আরও পড়ুন: বিজেপি-তে যোগ দেবেন মমতার ভাই বাবুন, নিজেই ইঙ্গিত দিলেন, ভাইফোঁটা নিলেন চন্দ্রিমার কাছ থেকে
এবছর মমতা যে ফোঁটা দিচ্ছেন না, তা নিয়ে কটাক্ষ ছুড়ে দেন মদন। বলেন, “ভাইফোঁটা বন্ধ বলেছেন। ওঁদের তরফে ঘোষণা করা হয়েছে। এটা ঠিকই বলেছেন। ভাইয়েরা সব বড় হয়ে গিয়েছে, দাদা হয়ে গিয়েছে। তাই ভাইফোঁটা হচ্ছে না। উনি অন্য ছোট ভাইদের নিয়ে করতে পারতেন। দিতে পারতেন গণফোঁটা। আমি তো ভাবছি বাবুনকে বলব সকলকে নিয়ে ভাইফোঁটা পালন করতে। ধুমধাম করে পুজো করতে ওর বাড়িতে। আমরা সকলে ভোগ খেতে যাব।”
সেখানেই থামেননি মদন। ভাইফোঁটা না করা নিয়ে মমতা এবং কুণাল ঘোষকে বিঁধে আরও বলেন, “মমতা ফোঁটা দেবেন কি না, সেই সিদ্ধান্ত নিচ্ছেন কুণাল ঘোষ, যার কাজ হচ্ছে পুলিশের গাড়ি পেটানো। হেই হেই করে গরু পেটাতে পেটাতে যায়। ১০০টির মধ্যে ৯০টি মামলায় হারা, কোটি কোটি টাকা ফি নেওয়া কল্যাণ বন্দ্যোপাধ্যায়…I.N.D.I.A জোটের কাছে কী বলবেন? খবর চলে গিয়েছে। গোটা ভারতে আলোচনা চলছে যে দিদি তার নিজের জায়গায় ভাইফোঁটা দিতে পারছেন না। সহজ কথা বলতেই পারতেন যে ভাইয়েরা বড় হয়ে গিয়েছে। দাদাফোঁটা তো নেই! তাই দিতে পারছি না!”
আরও পড়ুন: বুদ্ধদেব ভট্টাচার্য সৎ, সিপিএম খারাপ…শুভেন্দুর মুখে সেই ভাল-খারাপের তত্ত্ব, কৌশলের রাজনীতি?
ঋতব্রত-শিবিরের ভাইফোঁটাকে কটাক্ষ করেছেন কল্যাণও। তাঁর কথায়, “ময় চিরকাল সমান যায় না। সময় বড্ড বলবান। খারাপ সময় যায়। আবার কেটে গিয়ে ভাল সময় আসে। সময়ই প্রমাণ করে দেয় মানুষ কেমন। অকৃতজ্ঞ যারা হবে, হবে। আর কথাতেই আছে ঘরশত্রু বিভীষণ। সুবিধার জন্য এসেছিল। সুবিধা ভোগ হয়ে গিয়েছে, চলে গিয়েছে। একসময় এখানে ভিড় করে থাকত অরূপ-ববিরাই। কে কার দালাল, কে কী, সব জেনে গিয়েছেন মানুষ। সময়ের অপেক্ষা।”