কলকাতা: ঝাড়খণ্ডের খুঁটি জেলায় মর্মান্তিক পথ দুর্ঘটনা। বেপরোয়া ট্রাকের ধাক্কায় মৃত্যু হল ৭ জনের। মৃতদের মধ্যে রয়েছে ২ শিশু, আহত হয়েছেন আরও ১ জন। পুলিশ সূত্রে খবর, প্রথমে এক স্কুটার চালক দুর্ঘটনার কবলে পড়েন। দুর্ঘটনা দেখতে ঘটনাস্থলে জড়ো হয়েছিলেন বেশ কয়েকজন। সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের উপর দিয়ে চলে যায় ট্রাকটি।
একটি স্কুটির দুর্ঘটনা। আর সেই দুর্ঘটনাগ্রস্ত আরোহীকে সাহায্য করতে ছুটে এসেছিলেন স্থানীয় বাসিন্দারা। কিন্তু মুহূর্তের মধ্যেই সেই ঘটনাস্থল পরিণত হল মৃত্যুমিছিলে। রাস্তার পাশে জড়ো হওয়া মানুষের উপর দিয়ে কার্যত চলে গেল দ্রুতগতির একটি ট্রাক। ঝাড়খণ্ডের খুঁটি জেলায় এই ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত সাতজনের। মৃতদের মধ্যে মহিলা ও শিশুও রয়েছে। ঘটনায় আহত হয়েছেন আরও এক ব্যক্তি।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে ঝাড়খণ্ডের খুঁটি জেলার কররা থানা এলাকার কররা-তোরপা প্রধান সড়কে দুর্ঘটনাটি ঘটে। জোনে-লুদরু মোড়ের কাছে একটি স্কুটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের ঝোপের মধ্যে পড়ে যায়। দুর্ঘটনার শব্দ শুনে আশপাশের বসতি থেকে বেশ কয়েকজন স্থানীয় বাসিন্দা বেরিয়ে আসেন। স্কুটির চালককে উদ্ধার করতে এবং সাহায্য করতেই তাঁরা রাস্তার পাশে জড়ো হয়েছিলেন।
কিন্তু সেই সময়ই ঘটে যায় আরও বড় বিপর্যয়। তোরপার দিক থেকে দ্রুতগতিতে আসছিল একটি ট্রাক। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা মানুষজনকে কার্যত পিষে দিয়ে চলে যায় সেটি। মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক। ঘটনাস্থলেই মৃত্যু হয় ছ’জনের। গুরুতর আহত অবস্থায় আরও কয়েকজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসা চলাকালীন আরও এক ব্যক্তির মৃত্যু হয়। ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে সাত।
খুঁটির পুলিশ সুপার ঋষভ গর্গ জানিয়েছেন, এই দুর্ঘটনায় সাতজনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে মহিলা, শিশু এবং এক পুরুষ রয়েছেন। দুর্ঘটনায় আহত আরও এক ব্যক্তির চিকিৎসা চলছে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে খুঁটি সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
প্রাথমিকভাবে জানা যাচ্ছে, স্কুটির দুর্ঘটনার পরেই উদ্ধারকাজে সাহায্য করতে ঘটনাস্থলে জড়ো হয়েছিলেন স্থানীয়রা। সেই সময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের উপর উঠে যায়। কীভাবে এই দুর্ঘটনা ঘটল, ট্রাকটির গতি কত ছিল এবং চালকের কোনও গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
একটি দুর্ঘটনায় সাহায্যের হাত বাড়াতে গিয়ে এভাবে সাতজনের প্রাণ চলে যাওয়ার ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। বিশেষ করে মহিলা ও শিশুদের মৃত্যুতে আরও মর্মান্তিক হয়ে উঠেছে এই ঘটনা। দুর্ঘটনার পূর্ণাঙ্গ কারণ জানতে তদন্ত চালাচ্ছে পুলিশ।