কলকাতা: বিগ বস বাংলার ঘরে প্রেম, অভিমান, রোম্যান্স—সবকিছুকে ছাপিয়ে এবার চরম অশান্তি! বহুচর্চিত রাজবীর-নন্দিনীর সম্পর্ক কি এবার সত্যিই ভাঙনের মুখে? যে জুটির ঘনিষ্ঠতা নিয়ে এতদিন সরগরম ছিল বিগ বসের অন্দরমহল, এবার সেই সম্পর্কেই দেখা যাচ্ছে তিক্ততার ছাপ। নন্দিনীকে ধাক্কা দেওয়া থেকে শুরু করে নিজের গালে একের পর এক চড় মারা—রাজবীরের এমন আচরণ ঘিরে নতুন করে চর্চা শুরু হয়েছে দর্শকমহলে।

সম্প্রতি বিগ বস বাংলার একটি টাস্ককে কেন্দ্র করেই রাজবীর ও নন্দিনীর মধ্যে তুমুল ঝামেলার সূত্রপাত। ভ্যাম্পায়ার ও মানুষের লাক্সারি বাজেট টাস্কের পর সৃজলার সঙ্গে নন্দিনীর বিবাদ তৈরি হয়। সেই ঘটনায় রাজবীর কেন তাঁর পক্ষ নিয়ে সৃজলার বিরুদ্ধে সরব হননি, তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন নন্দিনী। আর সেই রাগ থেকেই রাজবীরের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তিনি।

উত্তেজনার বশে নন্দিনী রাজবীরকে চড়-থাপ্পড় মারতে থাকেন। প্রথমে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেও একসময় ধৈর্য হারান রাজবীর। নিজেকে বাঁচাতে নন্দিনীকে ধাক্কা দিয়ে সরিয়ে দেন তিনি। এরপরও পরিস্থিতি শান্ত হয়নি। ফের রাজবীরের দিকে এগিয়ে যান নন্দিনী। তখন আবারও তাঁকে সরিয়ে দেন রাজবীর।

এরপর ঘটে আরও চমকে দেওয়ার মতো ঘটনা। রাগ ও উত্তেজনায় নিজেকেই চড় মারতে শুরু করেন রাজবীর। একের পর এক চড় নিজের গালে মারতে থাকেন তিনি। নন্দিনীকে স্পষ্ট জানিয়ে দেন, তাঁর গায়ে যেন আর হাত না তোলা হয়। এমন পরিস্থিতি তৈরি হলে নিজেকেই আঘাত করতে থাকবেন বলেও হুঁশিয়ারি দেন তিনি। শেষ পর্যন্ত সেখান থেকে উঠে চলে যান রাজবীর।

নন্দিনীও তাঁকে থামানোর চেষ্টা করেন। এমনকী রাজবীরকে জানান, তিনি যদি সেখান থেকে চলে যান, তাহলে তাঁদের সম্পর্কের সবকিছু শেষ হয়ে যাবে। কিন্তু নন্দিনীর সেই কথাতেও মন গলেনি রাজবীরের। বরং পাল্টা তিনি জানান, তাঁদের মধ্যে এমনিতেই সবকিছু শেষ হয়ে গিয়েছে।

এখানেই শেষ নয়, রাজবীর-নন্দিনীর সম্পর্কের টানাপোড়েন নিয়ে আরও একটি ঘটনা সামনে এসেছে।  নন্দিনীর দেওয়া N-লেখা আংটি হারিয়ে ফেলেছেন রাজবীর। নন্দিনীর নামের আদ্যক্ষর লেখা সেই আংটি হারিয়ে যাওয়াকে কেন্দ্র করেই নতুন করে মনোমালিন্য তৈরি হয়েছে তাঁদের মধ্যে। আংটিটি হারানোর কথা জানতে পেরে ভেঙে পড়েন নন্দিনী। তাঁর অভিযোগ, রাজবীরের কাছে নাকি তাঁর কোনও মূল্যই নেই।

উল্লেখ্য, এর আগে দর্শকদের ভোটে নন্দিনীর বিগ বসের ঘর ছাড়ার কথা ঘোষণা করেছিলেন সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায়। সেই সময় আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন রাজবীরও। বিদায়ের মুহূর্তে নন্দিনীকে জড়িয়ে ধরে চুম্বন করেন তিনি। যদিও পরে জানা যায়, নন্দিনীকে আসলে সিক্রেট রুমে পাঠানো হয়েছিল। সেখান থেকে মঙ্গলবার ভূতের সাজে ফের মূল ঘরে প্রবেশ করেন তিনি। নন্দিনীকে ফিরে পেয়ে প্রথমে উচ্ছ্বসিত দেখালেও পরবর্তী সময়ে রাজবীরের আচরণ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে।

একদিকে আংটি হারানো, অন্যদিকে একে অপরের প্রতি ক্ষোভ, তার উপর সাম্প্রতিক শারীরিক ধস্তাধস্তি—সব মিলিয়ে রাজবীর ও নন্দিনীর সম্পর্ক এখন কোন দিকে এগোয়, তা নিয়ে কৌতূহল তুঙ্গে। বিগ বসের ঘরে কি সত্যিই ভাঙতে চলেছে বহুচর্চিত রাজনন্দিনী জুটি, নাকি এই অশান্তির পর ফের কাছাকাছি আসবেন তাঁরা? উত্তর মিলবে আগামী পর্বগুলিতেই।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *