কলকাতা: পুজোর সপ্তমীর দিন, চোরবাগানের দুর্গাপুজোয় মর্মান্তিক দুর্ঘটনা। প্রত্যেকেই এসেছিলেন, পুজো দেখছে, মণ্ডপ দেখতে, মা দুর্গাকে দেখতে… কিন্তু অকালেই ঝরে গেল ১৯টা প্রাণ। ঠাকুর দেখতে এসে পদপিষ্ট হয়ে মারা গেলেন, ১৯ জন দর্শনার্থী। চোরবাগানের ঘটনায় এখনও তদন্ত চলছে কিন্তু বারে বারে আঙুল উঠছে, অব্যবস্থার দিকে। সাধারণ মানুষ থেকে শুরু করে, তদন্তকারী দলও মনে করছে, নিরাপত্তার জন্য যদি সঠিক পদক্ষেপ নেওয়া হত, যদি মণ্ডপ থেকে বেরনোর গেট পর্যাপ্ত চওড়া করা হত, যদি মণ্ডপের ভিতরে পর্যাপ্ত আলো থাকত.. তাহলে এই ঘটনা হয়তো এড়ানো যেত। আর নিয়মমাফিক দুর্গাপুজো পেরিয়ে, এবার কালীপুজো। তার আগে নিরাপত্তার কথা মাথায় রেখে এবার একাধিক কড়া নিয়ম জারি করছে, রাজ্য সরকার। আজ আলিপুরের ধনধান্য় স্টেডিয়ামে পুজো কমিটিগুলির সঙ্গে প্রস্তুতি বৈঠকে বলেছিল পুলিশ। আর তারপরেই একগুচ্ছ বিধিনিষেধ জারি করা হয়েছে। সেগুলি কী কী? দেখে নেওয়া যাক এক নজরে..
- জরুরি পরিস্থিতিতে দর্শনার্থীদের নিরাপদে বেরিয়ে যাওয়ার সঠিক এবং নিরাপদ পরিকল্পনা থাকতে হবে প্রতিটি মণ্ডপে।
- প্রবেশ ও প্রস্থানের জন্য পৃথক পথের ব্যবস্থা করতে হবে।
- প্রবেশ পথের তুলনায় দ্বিগুণ করতে হবে দর্শকদের প্রস্থান পথ।
- জরুরি প্রস্থানের পথ কোনোভাবেই আটকানো যাবে না।
- হঠাৎ বৃষ্টি হলে, দর্শনার্থীদের জন্য পর্যাপ্ত ব্যবস্থা রাখতে হবে।
- অতিরিক্ত ভিড়, আতঙ্ক ও দুর্ঘটনা এড়াতে, সেই সময়ে সাময়িকভাবে দর্শনার্থীদের প্রবেশ বন্ধ রাখতে হবে।
- পুজো কমিটির দায়িত্বপ্রাপ্ত সদস্যদের সবসময় মণ্ডপের আশপাশে উপস্থিত থাকতে হবে। বিশেষ করে প্রবেশ ও প্রস্থানের পথে অবশ্যই উপস্থিত থাকলে হবে পুজো কমিটির কাউকে।
- কর্তব্যরত পুলিশকর্মীদের সঙ্গে সবসময় সমন্বয় রেখে কাজ করতে হবে।
- দমকলের গাড়ি মোতায়েন ও অগ্নিনির্বাপণ ব্যবস্থায় বিশেষ জোর দিতে হবে।
- প্রত্যেক মণ্ডপের মাইক বা পাবলিক অ্যাড্রেস সিস্টেম সর্বদা সচল রাখতে হবে।
- প্রতিমা শুধুমাত্র নির্দিষ্ট করে দেওয়া ঘাটগুলিতেই বিসর্জন করতে হবে। যে কোনও ঘাটে প্রতিমা বিসর্জন করা যাবে না।
- বিসর্জনের সময় ডিজে বাজানো সম্পূর্ণ নিষিদ্ধ বলে ঘোষণা করা হয়েছে।
- নিষিদ্ধ বাজি বিক্রি ও ফাটানো শাস্তিযোগ্য অপরাধ বলেও ঘোষণা করেছে পুলিশ।
এই নিয়মগুলি মানা হচ্ছে কি না, সেই বিষয়ে কড়া নজরদারি রাখবে পুলিশ, এমনটাই জানানো হয়েছে। আরও জানানো হয়েছে, সাধারণ মানুষ যাতে সুস্থভাবে পুজোর আনন্দ উপভোগ করতে পারেন, আর কোনও দুর্ভাগ্যজনক ঘটনা যাতে না ঘটে, সেই কারণেই এত কড়াকড়ি।
আরও পড়ুন: R. Madhavan: ফের ‘হরর’ ছবির মুখ্যভূমিকায় আর মাধবন, পরিচালনায় বিশাল