পঞ্জাব, জলন্ধর : ভয়ঙ্কর পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে জনপ্রিয় র্যাপার ইয়ো ইয়ো হানি সিংয়ের ভাইপোর। এই যুবকের আরেকটি পরিচয়, তিনি পঞ্জাবি মিউজিক কোম্পানি স্পিড রেকর্ডসের মালিকের ছেলে। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে হানি সিংয়ের ভাইপোর এক বন্ধুরও। দাঁড়িয়ে থাকা মিউনিসিপাল কর্পোরেশনের একটি ট্র্যাক্টর-ট্রলিতে ধাক্কা মেরেছিল দুই যুবকের গাড়ি। পঞ্জাবের জলন্ধরে ঘটেছে এই ভয়াবহ দুর্ঘটনা। পুলিশ সূত্রে খবর, মৃতদের মধ্যে একজনের নাম বিদিত ওলাক। তিনিই হানি সিংয়ের আত্মীয়। স্পিড রেকর্ডের মালিক দীনেশের ছেলে তিনি। এছাড়াও মৃত্যু হয়েছে আরভ তলওয়ারের, যিনি পাপ্পি সুইটসের মালিকের ছেলে বলে জানা গিয়েছে।
কালীপুজোর চাঁদা নিয়ে বচসা, এক জল বিক্রেতাকে বেধড়ক মারধরের অভিযোগ
জানা গিয়েছে, হাইওয়ের উপর পুলিশ লাইন্সের কাছে এই দুর্ঘটনা ঘটেছে। বন্ধুর জন্মদিন পার্টি থেকে ফিরছিলেন হানি সিংয়ের ভাইপো এবং তাঁর বন্ধুরা। গাড়িতে মোট ৫ জন ছিলেন বলে জানা গিয়েছে। একটি ট্র্যাটর-ট্রলিতে সজোরে ধাক্কা মারে গাড়িটি। গাড়িতে থাকা বাকিরা প্রাণে বাঁচলেও হানি সিংয়ের আত্মীয় ও তাঁর এক বন্ধুর মৃত্যু হয়েছে এই পথ দুর্ঘটনায়। হানি সিং নিজেও ইনস্টাগ্রাম স্টোরিতে এই খবর শেয়ার করেছেন। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় পুলিশ। উদ্ধার করা হয় ২ জনের দেহ। মৃতদের পরিবারের তরফে এই ঘটনার কোনও তদন্ত করার কথা বলা হয়নি। তাই দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়। অনুমান, হয়তো গাড়ির গতি স্বাভাবিকের থেকে বেশি ছিল, সেই কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ওই ট্র্যাক্টর-ট্রলিতে ধাক্কা মেরেছিল চার চাকার গাড়িটি।
নিউটাউনে ভয়াবহ পথ দুর্ঘটনা, মৃত্যু এক বাইক চালকের, আটক ঘাতক গাড়ির চালক
পুলিশ সূত্রে খবর, রবিবার ভোররাতে, আনুমানিক ৩টে নাগাদ হাইওয়ের উপর এই দুর্ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে, মিউনিসিপ্যাল কর্পোরেশনের সাফাই কর্মীরা হাইওয়ে সাফাইয়ের কাজ করছিলেন। তাদেরই একটি গাড়ি সেখানে দাঁড় করানো ছিল আবর্জনা তুলে নিয়ে যাওয়ার জন্য। সেই গাড়িতেই ধাক্কা মারে হানি সিংয়ের ভাইপোর গাড়ি। জানা গিয়েছে, চারচাকা গাড়িটি আসছিল বিএমসি চকের দিক থেকে, আর যাচ্ছিল বিএসএফ চকের দিকে। এই যাত্রাপথেই মিউনিসিপ্যাল কর্পোরেশনের আবর্জনা তোলার গাড়িতে ধাক্কা মারে গাড়িটি। হানি সিংয়ের ভাইপো এবং তাঁর এক বন্ধুই সম্ভবত দুর্ঘটনার সময় গাড়িতে ছিলেন। বাকি ৩ বন্ধু আগেই বাড়ি ফিরে গিয়েছিলেন।