Chorbagan Durga Idol Immersion: চোরবাগান সর্বজনীনের প্রতিমার বিসর্জন হল আজ। মণ্ডপের মূল অংশ অক্ষত রেখেই বের করা হয় প্রতিমা। নিমতলা ঘাটে হল চোরবাগানের প্রতিমা বিসর্জন।
এদিকে, চোরবাগানকাণ্ডে পুলিশের হাতে গ্রেফতার পুজোর আরও ১ ঘোষক। গতকাল গিরিশ পার্ক থেকে গ্রেফতার কুশল মজুমদার ওরফে বাবু। কুশল মজুমদার চোরবাগান সর্বজনীন দুর্গোৎসব সমিতির সদস্য। গ্রেফতারির আগে নিজের হাতে লেখা একটি বয়ান সোশাল মিডিয়ায় পোস্ট কুশলের। বৃহস্পতিবার নদিয়া থেকে গ্রেফতার করা হয় সঞ্জীব রাহা ওরফে সেন্টুকে। চোরবাগান কাণ্ডে এখনও পর্যন্ত গ্রেফতার মোট ৯ জন।
গ্রেফতারির আগে নিজের হাতে লেখা একটি বয়ান সোশাল মিডিয়ায় পোস্ট করেন ধৃত বাবু মজুমদার।
সেখানে তিনি লেখেন, দুর্ঘটনার সময় পুজো কমিটির এক সদস্য খবর দেন যে, মণ্ডপের পিছনের অংশ ভেঙে পড়েছে। তখন পুলিশ মাইকে ঘোষণা করতে বলে। সেই সময় গিয়ে দেখি, ঘোষণার দায়িত্বে যিনি ছিলেন তিনি সেখানে নেই। পূর্ব অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও মাইকে ঘোষণা করি। আমি বলি, আপনারা মূল মণ্ডপে প্রবেশ করবেন না। মূল মণ্ডপের অবস্থা খুব খারাপ। এত দর্শক একসঙ্গে ঢুকলে মণ্ডপের ভিত আলগা হয়ে ভেঙে যেতে পারে।