কলকাতা: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় গ্রেফতারি বাড়ছে। কিন্তু সেই গ্রেফতারি নিয়ে প্রশ্ন তুলতে শুরু করল মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল। আসল অপরাধীদের আড়াল করা হচ্ছে, নিরীহদের গ্রেফতার করা হচ্ছে বলে অভিযোগ তাদের। সেই নিয়ে এবার আমহার্স্ট থানার সামনে প্রতিবাদ শুরু করলেন দলের বিধায়ক কুণাল ঘোষ। বেছে বেছে প্রতিবাদীদেরই গ্রেফতার করা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন কুণাল। পাল্টা কুণালের বিরুদ্ধে থানার সামনে বিক্ষোভ দেখায় বিজেপি। (Chorbagan Stampede Arrests)
বৃহস্পতিবার আমহার্স্ট থানার সামনে প্রতিবাদ জানাতে পৌঁছন কুণাল। দুপুর ৩টে নাগাদ সেখানে পৌঁছন তিনি। তাঁর অভিযোগ, চোরবাগানে পদপিষ্ট হওয়ার ঘটনায় যারা প্রতিবাদ করেছে, থানায় গিয়ে যারা বিক্ষোভ দেখিয়েছে, বেছে বেছে তাদেরই গ্রেফতার করা হচ্ছে। বেছে বেছে গ্রেফতার করা হচ্ছে তৃণমূলকর্মীদের। এদিন থানার সামনে সিঁড়িতে বসে পড়েন কুণাল। ধর্না দিতে শুরু করেন। তাঁকে বলতে শোনা যায়, “আসল অপরাধীরা ঘুরে বেড়াচ্ছে। একে, ওকে, তাকে ভুয়ো অভিযোগ দিয়ে তুলে আনছে।” কিছু ক্ষণ পর থানার ওসি এসে তাঁকে ভিতরে নিয়ে যান। (TMC News)
আরও পড়ুন: চোরবাগানকাণ্ডে ধৃত বাবু মজুমদারের ফেসবুক লাইভ ডিলিট করে দেওয়া হয়েছে? অভিযোগ স্ত্রীর
এরই মধ্যে থানার বাইরে জড়ো হন বিজেপি-র স্থানীয় নেতা-কর্মীরা। তাঁরা থানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখান। কুণালকে ‘দেশদ্রোহী’, ‘দেশবিরোধী’ বলে আক্রমণ করেন তাঁরা। প্রশ্ন তোলেন, এলাকার বিধায়ক না হয়ে কেন এসেছেন কুণাল? কুণালকে থানা থেকে বের করে দেওয়ার দাবিও তোলা হয়। বিজেপি-র নেতা-কর্মীরা দাবি করেন, ‘দেশবিরোধী’, ‘ভারতবিরোধী’ লোকজনকে বাঁচানোর চেষ্টা চলছে। অনেক ভুয়ো পোস্ট করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
এদিন থানার বাইরে কুণালের নাম করে স্লোগান তোলেন বিজেপি-র নেতা-কর্মীরা। তাঁদের বলতে শোনা যায়, ‘দেশদ্রোহী কুণাল ঘোষ ভারত ছাড়ো’, ‘জ্ঞান দিতে এসেছে’। কুণাল যদিও সেই স্লোগান শুনে কোনও প্রতিক্রিয়া জানাননি।
আরও পড়ুন: পুনর্জন্ম বলে কি কিছু হয়? পূর্বজন্মের কথা কি সত্যিই মনে থাকে? গবেষণায় চমকপ্রদ তথ্য, নতুন প্যাটার্ন
আমহার্স্ট থানার বাইরে কুণালের প্রতিবাদ নিয়ে বিজেপি-র সজল ঘোষ বলেন, “যারা অন্যায় করবে, আইন মোতাবেক তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে। যদি দেখা যায়, অন্যায় ভাবে বা ভুলবশত কাউকে গ্রেফতার করা হয়েছে, আদালত জামিন দেবে! এত ছটফট করার কী আছে? এমন তো নয় যে যাবজ্জীবন হয়ে যাবে? দেখে নিক জেল থেকে বেরনোর পর কুণাল ঘোষের সঙ্গে থাকে কি না? কুণাল ঘোষও তো প্রতিবাদ করেছিল, মমতা বিগেস্ট বেনিফিশিয়ারি সারদার! এখন উল্টে নিয়েছেন। এসব কোনও প্রতিবাদ নয়।”