কলকাতা: পুজো শেষ। মায়ের বিসর্জনের আবহে বাতাসে বিষাদের সুর। এর মাঝেই আবহাওয়া নিয়ে বড় আপডেট দিল আবহাওয়া দফতর। আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া?

পুজোয় মোটামুটিভাবে শুষ্ক ছিল আবহাওয়া। তবে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হয়েছে কোনও কোনও জায়গায়। লক্ষ্মীপুজোর পর, ২৭ ও ২৮ অক্টোবর বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ২৮ অক্টোবর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে রাজ্যের বেশ কয়েকটি জায়গায়।

তবে পারদ পতনের পূর্বাভাসও দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ২৭ অক্টোবর থেকে কমবে তাপমাত্রা। বাতাসে পাওয়া যাবে হিমেল আমেজ। শীত পড়বে কবে থেকে?

আবহাওয়া দফতরের পূর্বাভাস, ২৭ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত উত্তরবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। দক্ষিণবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৫ ডিগ্রি সেলসিয়াস। তীব্র গরমের হাত থেকে কিছুটা স্বস্তি পাবেন সাধারণ মানুষ।

আজ, বৃহস্পতিবার রাজ্যের সবচেয়ে কম তাপমাত্রা ছিল দার্জিলিংয়ে। ১০.৬ ডিগ্রি সেলসিয়াস। সল্ট লেকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.২ ডিগ্রি সেলসিয়াস। দমদমে সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস।

এরই মাঝে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। তবে সেটি নিম্নচাপে পরিণত হবে কি না, বা ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে কি না, সেটা এখনই বলার সময় আসেনি বলে জানিয়েছে আবহাওয়া দফতর। আবহাওয়া দফতরের পর্যবেক্ষণ অনুযায়ী, ২২ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার ভারতীয় সময় সকাল সাড়ে আটটায় ঊর্ধ্ববায়ুমণ্ডলীয় ঘূর্ণাবর্তটি দক্ষিণ-পূর্ব ও সংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এবং আন্দামান দ্বীপপুঞ্জের উপর অবস্থান করছে। উত্তর আন্দামান সাগরের কাছে তৈরি হওয়া এই ঘূর্ণাবর্তের গতিপ্রকৃতির উপর নজর রাখছেন আবহাওয়াবিদরা।

এই ঘূর্ণাবর্তের প্রভাবে ২৩ অক্টোবর, শুক্রবার দক্ষিণ-পূর্ব ও সংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ অঞ্চল তৈরির সম্ভাবনা রয়েছে। নিম্নচাপটি তৈরি হওয়ার পর কোন দিকে এগোয় এবং কতটা শক্তি সঞ্চয় করে, তার উপর পরবর্তী আবহাওয়ার পরিস্থিতি অনেকটাই নির্ভর করবে।

শুধু বঙ্গোপসাগর নয়, বাংলাদেশের উত্তরাঞ্চল এবং ঝাড়খণ্ড সংলগ্ন এলাকাতেও ঊর্ধ্ববায়ুমণ্ডলীয় ঘূর্ণাবর্তের উপস্থিতি রয়েছে। উত্তর বাংলাদেশের উপর সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় দেড় কিলোমিটার উচ্চতায় একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। পাশাপাশি উত্তর-পূর্ব ঝাড়খণ্ড ও সংলগ্ন এলাকার উপরও একই উচ্চতায় আরও একটি ঊর্ধ্ববায়ুমণ্ডলীয় ঘূর্ণাবর্ত রয়েছে।

এই তিনটি আবহাওয়াগত পরিস্থিতির গতিপ্রকৃতি আগামী কয়েক দিনের আবহাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।  

আরও পড়ুন: টি-২০ ক্রিকেটে সবচেয়ে বেশি রান তাড়া করে জয়, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ইতিহাস ভারতের



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *