Bhatpara Old Couple House News: বৃদ্ধ দম্পতির সঙ্গে প্রতারণা। তাঁদের ঠকিয়ে বাড়ি দখল। এমন মারাত্মক অভিযোগ উঠেছে উত্তর ২৪ পরগনার ভাটপাড়ায়। ভাটপাড়া পুরসভার ১৬ নং ওয়ার্ডের সুন্ডিয়া এলাকার বাসিন্দা এই অসুস্থ বৃদ্ধ দম্পতি। চার কাঠা জমির ওপর এই বাড়িতে একাই থাকেন তাঁরা। অভিযোগ, তাঁদের সঙ্গে প্রতারণা করে এই বাড়ি একজনের কাছে বিক্রি করে দিয়েছেন কেয়া চক্রবর্তী নামে দম্পতিরই এক প্রতিবেশী। অভিযোগ, এক কাঠা বিক্রির নামে গোটা সম্পত্তি বিক্রি করা হচ্ছে বলে লিখিয়ে নেওয়া হয়। দম্পতির দাবি, সম্পত্তির মূল্য যেখানে প্রায় ৬০ লক্ষ, সেখানে তাঁদের ২০ লক্ষ ৫০ হাজার টাকা দেওয়া হবে বলা হয়। শেষমেশ সেই টাকাও দেওয়া হয়নি বলে অভিযোগ। বর্তমানে মেয়ের বাড়িতে রয়েছেন অসহায় এই দম্পতি।